বাল্যবিয়ে দেওয়ার চেষ্টা, কাজির ছেলেসহ ৩ জনকে জেল

আপডেট : ১৯ অক্টোবর ২০১৯, ২০:৪৮

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বাল্যবিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগে কাজির ছেলে, বর ও কনের পিতাসহ ৩ জনকে জেল দিয়েছেন ভ্রম্যমাণ আদালত। এ সময় বিয়েতে সহযোগিতা করার দায়ে বরের ২ প্রতিবেশীকেও অর্থদণ্ড দেওয়া হয়। শুক্রবার গভীর রাতে এ রায় প্রদান করেন ভ্রম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলাম। 

জেল ও অর্থদণ্ডপ্রাপ্তরা হলো, উপজেলার চককীর্ত্তি ইউনিয়নের কাজি আ. মতিনের ছেলে মামুনুর রশিদ, বরের পিতা একই ইউনিয়নের বালুচর গ্রামের মো. শাহিন আলী(৪০), কনের পিতা বিমর্ষী গ্রামের ফজর আলী (৩৭), বরের প্রতিবেশী সাদ্দাম হোসেন (৩১) এবং জেন্টু আলী।

আদালত কাজির ছেলেকে ২ বছর, বর ও কনের পিতাদের ১ বছর করে এবং প্রতিবেশী ২ সহযোগীকে ২ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ১০ দিনের জেল প্রদান করেন। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে বর পালিয়ে যায়।

আরও পড়ুন: ছাত্রলীগ নেতাকে স্বপদে বহালের দাবিতে বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ

ভ্রাম্যমাণ আদালতের বিচারক চৌধুরী রওশন ইসলাম জানান, শুক্রবার গোপনে বর ও কনের পিতা তাদের বন্ধুত্ব আরও মজবুত করতে চককীর্ত্তি ইউনিয়নের বিমর্ষী গ্রামে কনের বাড়িতে বিয়ের আয়োজন করে। বিষয়টি জানতে পেরে সেখানে অভিযান চালিয়ে বাল্য বিয়ে দেয়ার অপরাধে কাজির ছেলে মামুন, বরের পিতা শাহীন, কনের পিতা ফজর আলী ও একই ইউনিয়নের বালুচর গ্রামের বরের ২ প্রতিবেশী সাদ্দাম ও জেন্টুকে আটক করা হয়। পরে শুক্রবার রাত ১১ টার দিকে ভ্রাম্যমান আদালতে অভিযুক্তদের হাজির করা হলে বাল্য বিয়ে দেয়ার বিষয়টি নিশ্চিত হয়ে কাজির ছেলেকে বাল্য বিয়ে পড়ানোর চেষ্টার অভিযোগে ২ বছর, বর ও কনের পিতা এ দুজনকে এক বছর করে এবং বরের ২ প্রতিবেশীকে ২ হাজার টাকা করে জরিমানা করা হয়। শনিবার সকালে দণ্ডপ্রাপ্তদের জেলহাজতে প্রেরণ করা হয়।

ইত্তেফাক/এএএম