শ্রীবরদীতে মাদক ব্যবসায়ীর লাশ উদ্ধার

আপডেট : ২০ অক্টোবর ২০১৯, ১৩:৪৫

শ্রীবরদীতে রেজাউল করিম রাজু (৫০) নামে এক মাদক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার ভোরে উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের দিগদারি গ্রামের ধান ক্ষেতের পাশ থেকে এ লাশ উদ্ধার করে। মৃত রাজু আহমেদ পার্শ্ববর্তী গড়খোলা গ্রামের মৃত মোনায়েম সওদাগর ওরফে লিচু সওদাগরের ছেলে।
 
পুলিশ জানায়, রেজাউল করিম রাজু দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছে। এ ব্যাপারে তার নামে থানায় একাধিক মামলা হয়েছিল। সম্প্রতি সে কোর্টে হাজিরা দিয়ে বাড়ি আসে। এদিকে ওই এলাকার আরো কয়েকজন মাদক ব্যবসার সাথে জড়িত। এ নিয়ে পুলিশ মাঝে মধ্যে ওই এলাকায় অভিযান চালিয়েছে। শনিবার দিবাগত রাতে সে পুলিশের ভয়ে ঘর থেকে বের হয়ে আত্মগোপনে যায়। ভোরে দিগদারি গ্রামের মোরাদুজ্জামানের বাড়ি সংলগ্ন ধান ক্ষেতের পাশে পরিত্যক্ত স্থানে রহস্যজনকভাবে রাজুর লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। তার চোখ দিয়ে রক্ত বের হয়েছিল। তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

আরও পড়ুন: মিমকে ‘ডিম’ বলে ডাকায় শিশু রমজান খুন

এ ব্যাপারে মৃত রাজুর স্ত্রী নাছমিন বেগম বাদী হয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের করেছে।

থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রুহুল আমিন তালুকদার বলেন, ময়না তদন্তের জন্যে লাশ জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ইত্তেফাক/এমআরএম