বাগেরহাটে মাদকাসক্ত ছেলের হাতে বৃদ্ধা মা রাবেয়া মল্লিক (৬০) খুন হয়েছে। রবিবার সকালে কাগেরহাট শহরের পশ্চিম বাসাবাটি এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘাতক ছেলে রাসেল মোল্লা ওরফে শুকুরকে (৩৬) আটক করেছে। রাসেল মোল্লা শাজাহান মোল্লার ছেলে। শাজাহান মোল্লা খুলনায় বসবাস করেন। খবর পেয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এলাকাবাসী জানান, রাবেয়া মল্লিকের প্রথম পক্ষের সন্তান রাসেল মোল্লা। ওই পক্ষের আরো ৩টি কন্যা সন্তান রয়েছে। তারা বিবাহিত। তাদের বাবার সাথে ছাড়াছাড়ি হয়ে গেলে রাবেয়া মল্লিক হারুনর রশিদ বুলু নামে একজনকে বিয়ে করেন। দ্বিতীয় পক্ষের স্বামী মারা যাওয়ার পর বাবার বাড়িতে একমাত্র ছেলে রাসেল মোল্লাকে নিয়ে বসবাস করে আসছিলেন রাবেয়া। রাসেল ২০ বছর ধরে নেশাগ্রস্ত ছিল। ঘটনার দিন সকালে পাশের একটি দোকান থেকে চা এনে ছেলেকে খাওয়ান তিনি। এরপর এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
আরও পড়ুন: সাটুরিয়ায় সাপের কামড়ে কৃষকের মৃত্যু
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ আফজাল জানান, শহরের বাসাবাটি এলাকায় নেশাগ্রস্ত সন্তান রাসেল মাকে হত্যা করেছে। স্থানীয়দের সাথে কথা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মোবাইল ফোন কিনে না দেয়ায় ক্ষিপ্ত হয়ে ছেলে মাকে হত্যা করেছে। পুলিশ ছেলেকে আটক ও লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালণ মর্গে প্রেরণ করেছে।
ইত্তেফাক/এমআরএম
