হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ৫ বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। শনিবার (১৯ অক্টোবর) রাত ৯টা থেকে পৌনে ১০টা পর্যন্ত উপজেলার বহরা ইউনিয়নের রাজাপুর গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপর ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর প্রচেষ্টায় পৌনে ১ ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে ওই এলাকার মাতুমিয়ার ছেলে আদম খা এর রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। এক পর্যায়ে আদম খা, দুলাল মিয়া, আলী হোসেন ও রুবেল মিয়ার ঘরে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মাধবপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ৫টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। ঘরের বিভিন্ন আসবাবপত্র পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করছে প্রত্যক্ষদর্শীরা।
আরও পড়ুন: শাবিতে বাংলাভাষার উপর ‘অবিদ্যা’ অনুষ্ঠিত
বহরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান জানান, নারীরা আঁখের পাতা দিয়ে রান্না করার সময় অসাবধানতাবশত আগুন লাগে এবং পাশের বাড়ি-ঘরে ছড়িয়ে পড়ে। পরে এক এক করে ৫টি ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
মাধবপুর ফায়ার স্টেশনের ইনচার্জ রকিবুল ইসলাম জানান, তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণ না হলে আরও ঘর পুড়ে যেতে পারতো।
ইত্তেফাক/এএএম
