আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে ভোলা জেলায় সব ধরণের সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে জেলা প্রশাসন। সোমবার সকাল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা জারি থাকবে।
ভোলার জেলা প্রশাসক (ডিসি) মাসুদ আলম ছিদ্দিক এ প্রতিনিধিকে জানান, বোরহানউদ্দিনের ঘটনার পর বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে জেলায় সব ধরণের সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। এখন পর্যন্ত পরিস্থিতি শান্ত রয়েছে। মোতায়েন রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), আমর্ড পুলিশ। জেলায় কাউকে সমাবেশের অনুমতি দেয়া হয়নি।
আরও পড়ুন: ঝিকরগাছায় ট্রেনের ধাক্কায় ৭ শিশু শিক্ষার্থী গুরুতর আহত
এদিকে, বেলা ১১টায় ‘সর্বদলীয় ইসলামী ঐক্য পরিষদ’র নেতা-কর্মীরা প্রেসক্লাব চত্বরে জড়ো হয়ে বিক্ষোভ করছে। সেখানে বিপুল সংখ্যক পুলিশ ও র্যাব মোতায়েন রয়েছে।
গত শুক্রবার রাতে বিপ্লব চন্দ্র বৈদ্য (২৫) নামে এক যুবক নিজের ফেসবুক আইডি হ্যাক হওয়ার পরিপ্রেক্ষিতে বোরহানউদ্দিন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরবরতিতে এ ঘটনায় রবিবার বোরহানউদ্দিনে জনতা পুলিশ সংঘর্ষে চার জন নিহত হয়। গুলিবিদ্ধ নয়জনসহ আহত হন শতাধিক।
এদিকে বোরহানউদ্দিনে পুলিশ-এলাকাবাসীর সংঘর্ষে চার জন নিহত হওয়ার ঘটনায় মুসলিম ঐক্য পরিষদ আয়োজিত আজ সোমবার সকাল ১১টায় ভোলা সরকারি স্কুল মাঠের পূর্ব নির্ধারিত প্রতিবাদ সমাবেশ হচ্ছে না। সংগঠনের অন্যতম নেতা মাও: মিজানুর রহমান জানিয়েছেন, পুলিশের অনুমতি না পাওয়ায় তারা সমাবেশ করছেন না।
ইত্তেফাক/এমআরএম
