বিএনপি-জামায়াতের রাজনীতি এখন ভুলের বালুচরে আটকে পড়েছে: নাসিম

আপডেট : ২১ অক্টোবর ২০১৯, ১৮:৩৩

আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের মুখপাত্র এবং খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম বলেছেন, 'বিএনপি-জামায়াতের রাজনীতি এখন ভুলের বালুচরে আটকে পড়েছে।' সোমবার দুপুরে তার নির্বাচনী এলাকা সিরাজগঞ্জের কাজিপুরে পানি উন্নয়ন বোর্ডের একটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, 'নির্বাচনী মাঠ থেকে পালানোর দলকে জনগণ আর আস্থায় নেবে না। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী পদক্ষেপে দেশে জঙ্গি দমন করা হয়েছে, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়ে আলোকিত বাংলাদেশ গড়ে তোলা হয়েছে। উন্নয়ন অগ্রগতির কৌশলী পদক্ষেপ নিয়ে দেশকে বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেলে পরিণত করা হয়েছে।'

তিনি সিরাজগঞ্জসহ সারা দেশের উন্নয়ন চিত্র তুলে ধরে বলেছেন, 'আওয়ামীলীগই একমাত্র রাজনৈতিক দল, যে দল ক্ষমতায় এসে শেখ হাসিনার নেতৃত্বে দেশ ও জাতির উন্নয়ন করেছে।  বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সিরাজগঞ্জে যমুনা-পাড়ে ভাঙ্গন রোধে ১২টি স্পার নির্মাণ করা হয়েছিল। পরবর্তীতে বিএনপি-জামায়াতের শাসনামলে এসব স্পার অযত্নে-অবহলোয় যমুনায় বিলীন হয়েছে। ক্ষতি হয়েছে এই জনপদের মানুষের সহায় সম্পদ।'

তিনি আরও বলেন, 'দেশে এখন শান্তিময় পরিবেশ বিরাজ করছে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে গত ১২ বছরে দেশের মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন হয়েছে, বিএনপি-জামাত সৃষ্ট জঙ্গি দমন করা হয়েছে। রাস্তা-ঘাটসহ অবকাঠামো উন্নয়নে অসামান্য সফলতা অর্জিত হয়েছে। এই সফলতার ঈর্ষান্বিত হয়ে বিএনপি-জামাত নানাভাবে ষড়যন্ত্র-চক্রান্ত করছে। কিন্তু তাদের এই ষড়যন্ত্র এদেশের গণতন্ত্র প্রিয় মানুষ নস্যাৎ করে দেবে।'

কাজিপুরের সিংড়াবাড়ী স্পার-১ এর এর পুনর্বাসনও শক্তিশালী করন কাজের   উদ্বোধন উপলক্ষে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন। 

ইত্তেফাক/জেডএইচডি