যশোরে ছুরিকাঘাতে কলেজছাত্র খুন

আপডেট : ২১ অক্টোবর ২০১৯, ২০:০৭

যশোরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সোহানুর রহমান সোহাগ (১৮) নামে এক কলেজছাত্র খুন হয়েছেন। সোমবার দুপুরে শহরের মোল্লাপাড়া ভৈরব নদের পাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। নিহত সোহাগ মোল্লাপাড়া আমতলা এলাকার হাবিবুর রহমান হাবিবের ছেলে ও হামিদপুর আল-হেরা কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। 

স্থানীয়রা জানান, সোমবার দুপুরের দিকে নীলা রাণী নামে এক নারী মোল্লাপাড়া আমতলা এলাকায় ভৈরব নদের পাড়ে ঘাস কাটতে যান। এ সময় তিনি ঘাসের মধ্যে একটি মৃতদেহ পড়তে থাকতে দেখে স্থানীয়দের খবর দেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার এবং পরিচয় শনাক্ত করেছে। নিহতের শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে হত্যার পর লাশ নদীর পাড়ে ঘাসের মধ্যে ফেলে রেখে যায়। 

নিহত সোহাগের পিতা হাবিবুর রহমান হাবিব জানান, রায়হান ও জিতু নামে দুই তরুণ রবিবার রাত সাড়ে ১১টার দিকে সোহাগকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি। 

যশোর কোতোয়ালি মডেল থানার ওসি মনিরুজ্জামান জানান, ছুরিকাঘাতে সোহাগের মৃত্যু হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে। কারা কি কারণে তাকে হত্যা করেছে তা উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলেও তিনি উল্লেখ করেন।

ইত্তেফাক/জেডএইচ