রাজশাহীতে ট্রেনে কেটে বাবা-মেয়ের মৃত্যু

আপডেট : ২১ অক্টোবর ২০১৯, ২২:২৫

রাজশাহীতে নীচে পড়ে বাবা-মেয়ের মৃত্যু হয়েছে। সোমবার বেলা সাড়ে তিনটার দিকে মহানগরীর ভদ্রা জামালপুর রেল ক্রসিংয়ে ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, বাবা তার মেয়েকে নিয়ে আত্মহত্যা করেছেন। তবে জিআরপি কর্মকর্তারা জানান, রেলক্রসিং পারাপারের সময় দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়েছে। পিতার লাশ জিআরপি থানা হেফাজতে এবং মেয়ের লাশ মর্গে রাখা হয়েছে।

 

নিহতরা হলেন, নগরীর মতিহার থানার ধরমপুর এলাকার মৃত জাহাঙ্গীর আলম মাখনের ছেলে কামরুজ্জামান রুবেল (৩০) ও তার মেয়ে রুবাইয়া খাতুন (৩)।

 

রাজশাহী জিআরপি থানার উপ-পরিদর্শক (এসআই) মশিউর রহমান জানান, দুপুরে রেলস্টেশন থেকে দুইটা ১৫ মিনিট খুলনাগামী আন্তঃনগর ট্রেন কপোতাক্ষ এক্সপ্রেস ছাড়ার কথা ছিল। তবে ট্রেনটি বিলম্বে রাজশাহী স্টেশন ত্যাগ করেছিল। তিনি আরও জানান, ট্রেনটি সাড়ে তিনটার দিকে মহানগরের ভদ্রা জামালপুর রেলক্রসিং দিয়ে যাওয়ার সময় এই হতাহতের ঘটনা ঘটে। কামরুজ্জামান রুবেল ও তার মেয়ে রেলক্রসিং পারাপারের সময় ট্রেনে কাটা পড়েন। এরমধ্যে রুবেল ঘটনাস্থলেই মারা যান। আর স্থানীয়ারা মুমূর্ষ অবস্থায় তার শিশুকন্যা রুবাইয়াকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে পাঠায়। কিন্তু হাসপাতালে ভর্তির পরপরই শিশুটির মৃত্যু হয়। এ ঘটনা আশপাশের লোকজন আত্মহত্যা বলে দাবি করলেও ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্তে বিষয়টির সত্যতা পাওয়া যায়নি বলেও জানান জিআরপি থানার এই পুলিশ কর্মকর্তা।

 

এদিকে একই কথা জানিয়ে জিআরপি থানার ওসি সাঈদ ইকবাল বলেন, ঘটনাটি দুর্ঘটনা। রেলক্রসিংয়ে গিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে তারা আত্মহত্যা করেছেন বলে এমন কোনো তথ্যের সত্যতা আমরা পাইনি। এরপরও আমরা ঘটনাটি তদন্ত করে দেখবো। এছাড়া নিহত বাবা-মেয়ের মরদেহ ময়নাতদন্ত হবে। এ ঘটনায় জিআরপি ও রাজপাড়া থানায় পৃথক মামলা হবে বলেও জানান জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

 

ইত্তেফাক/এএম