শরণখোলায় গরু জবাই করে মাংস চুরি

আপডেট : ২১ অক্টোবর ২০১৯, ২২:৩৮

শরণখোলায় রবিবার গভীর রাতে উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামে গর্ভবতী গাভী জবাই করে মাংস চুরির ঘটনা ঘটেছে। কৃষক আইউব আলী মুন্সী জানান, তার তিনটি গরু গোয়ালে বাধা ছিল। গভীর রাতে কে বা কারা তার একটি গর্ভবতী গাভী পার্শ্ববর্তী ৭৪নং রসুলপুর পল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনে নিয়ে জবাই করে ভুঁড়ি ও চামড়া ফেলে রেখে মাংস নিয়ে যায়।

 

তিনি আরো জানান, সোমবার সকালে গৃহকর্তার স্ত্রী শেফালী বেগম গোয়ালে গাভীটি দেখতে না পেয়ে খুঁজতে খুঁজতে ওই স্কুলের পিছনে গাভীটির চামড়া ও ভুঁড়ি দেখতে পেয়ে চিত্কার করে জ্ঞান হারিয়ে ফেলেন। কৃষক আইয়ুব আলীর ধারনা, রাজনৈতিক কোন্দলের জের ধরে স্থানীয় একটি চক্র তার গাভীটি জবাই করেছে। গাভীটির বাজার মূল্য ৬০ হাজার টাকা।

 

শরণখোলা থানার ওসি (তদন্ত) শেখ মোঃ মফিজুর রহমান জানান, গাভী চুরির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। খোঁজখবর নিয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

ইত্তেফাক/এএম