সাংবাদিকদের বিরুদ্ধে মামলা, হুমকি, অপপ্রচার ও হয়রানির প্রতিবাদে নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে মানববন্ধন কর্মসূচি পালন করেছে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে)। বুধবার সকাল ১০টা থেকে ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ, বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা, নারী উদ্যোক্তা উন্নয়ন ফাউন্ডেশন ও লোকমোর্চার জেলা নেতৃবৃন্দ সংহতি প্রকাশ করেন।
আরইউজে সভাপতি কাজী শাহেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তানজিমুল হকের সঞ্চালনায় মানববন্ধনে বিএফইউজের সহ-সভাপতি মামুন-অর-রশিদ, আরইউজের সাবেক সভাপতি মুস্তাফিজুর রহমান খান, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) জেলা সভাপতি জামাত খান, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি হারুন অর রশিদ, আরইউজে নির্বাহী সদস্য মিজানুর রহমান টুকু, ফটোসাংবাদিক আজাহার উদ্দিন, লোকমোর্চার সদস্য গোলাম কিবরিয়া প্রমুখ বক্তব্য দেন। এছাড়া আরইউজের সাবেক সাধারণ সম্পাদক শিবলী নোমান, বর্তমান কোষাধ্যক্ষ সরকার দুলাল মাহবুব, নির্বাহী সদস্য সামাদ খান ও উন্নয়ন কর্মী সুব্রত কুমার পাল প্রমুখ উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/আরকেজি
