গফরগাঁওয়ে কলেজছাত্র হত্যায় ১১ জনের যাবজ্জীবন কারাদণ্ড

আপডেট : ২৩ অক্টোবর ২০১৯, ২০:৩৮

ডিস ব্যবসার অংশীদার নিয়ে ময়মনসিংহের গফরগাঁওয়ে কলেজ ছাত্র শিহাব হত্যা মামলায় ১১ জনের যাবজ্জীবন কারাদণ্ড আদালত। বুধবার বিকেলে ময়মনসিংহ জেলা ও দায়রা জজ বিশেষ আদালতের বিচারক মো. এহ্সানুল হক এ আদেশ দেন। 

দণ্ডপ্রাপ্তরা হলো, একই এলাকার হাফিজ উদ্দিনের ছেলে মোফাজ্জল (৩৩), মৃত ওয়াজেদ আলীর ছেলে ইলিয়াস (২৫), আবু বক্কর ছিদ্দিকের ছেলে মামুন (২৮), মৃত আব্দুল মতিনের ছেলে মোস্তফা কামাল (৩৭), রইছ উদ্দিনের ছেলে পলাশ (২৯), মৃত নুরুল ইসলামের ছেলে জজ মিয়া ( ৩০), মৃত লোকমান হেকিমের ছেলে খোকন (৪২), মিজানুর রহমানের ছেলে সবুজ (২৭), আব্দুল বারির ছেলে আনোয়ার (২৬), মৃত আব্দুস সাত্তারের ছেলে সোহাগ (২৫) ও মৃত সিরাজ উদ্দিনের ছেলে আলম (২৯)। আসামীদের মাঝে ইলিয়াস, আনোয়ার, আলম পলাতক রয়েছে।

আরও পড়ুন: মেলান্দহে অনলাইন ক্যাসিনোর ৫ সদস্য আটক

মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ১৯ অক্টোবর আসরের নামাজের পর গফরগাঁওয়ের পাগলা থানার দীঘারপাড় এলাকার ফজলুল হকে ছেলে কিশোরগঞ্জ গুরুদয়াল কলেজের অনাস পড়ুয়া ছেলে শিহাব হাসান বাবু বাসা থেকে বের হয়। রাতে বাড়ি না ফিরলে মোবাইল ফোনে মার সঙ্গে কথা হয়, সে ডিস ব্যবসার অংশীদার নিয়ে এক দরবারে রয়েছে। পরদিন ২১ অক্টোবর বিকালে খবর পান পাশেই নদে ছেলের দেহ ভেসে আছে। পরে এলাকাবাসী লাশ সনাক্ত করে। তিনদিন পর শিহাবের মা সেলিনা খাতুন বাদী হয়ে গফরগাঁও পাগলা থানায় মামলা করেন। এরপর পুলিশ ঘটনা তদন্তে ১১ জনকে আসামি করে আদালতে চার্জশিট দেয়। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী শেখ আবুল হাসেম ও আসামি পক্ষের আইনজীবী সোহরাব উদ্দিন খান মামলা পরিচালনায় করেন। দীর্ঘ বিচার প্রক্রিয়া, শুনানি, ১৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও পর্যালোচনা শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে জেলা ও দায়রা জজ বিশেষ আদালতের বিচারক মো. এহ্সানুল হক ৮ আসামির উপস্থিতিতে এ আদেশ দেন। 

ইত্তেফাক/এএএম