কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্পের জন্য অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণের টাকা প্রদানে ঘুষ দাবি ও নয়-ছয়ের মাধ্যমে একজনের জমির ক্ষতিপূরণের টাকা অপরজনকে দেয়ার অভিযোগে জেলা প্রশাসক মো. কামাল হোসেনসহ ১৬ জনের বিরুদ্ধে দায়ের করা ফৌজদারি মামলা খারিজ করে দিয়েছেন কক্সবাজারের সিনিয়র স্পেশাল জজ।
বুধবার দুপুরে করা মামলাটি পর্যালোচনা শেষে সন্ধ্যায় কক্সবাজারের সিনিয়র স্পেশাল জজ এবং জেলা ও দায়রা জজ খোন্দকার হাসান মো. ফিরোজ খারিজ করে দেন বলে জানিয়েছেন জেলা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা এস.এম আব্বাস উদ্দিন।
আরও পড়ুন: ২২ সন্দেহভাজন দুর্নীতিবাজের বিদেশ ভ্রমণে দুদকের নিষেধাজ্ঞা
তিনি জানান, ফৌজদারী দরখাস্তটি পাওয়ার পর বাদির জবানবন্দি রেকর্ড করা হয়। জবানবন্দি রেকর্ড ও মামলার আরজি পর্যালোচনা করে তদন্ত করতে দেয়ার মতো কোন উপাদান না পেয়ে সন্ধ্যায় মামলাটি খারিজ করে দেয়া হয়েছে।
মহেশখালী উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের সিকদার পাড়ার মরহুম ডা. আমান উল্লাহ’র ছেলে কেফায়েতুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেছিলেন।
মামলাটি খারিজের প্রতিক্রিয়ায় বাদির আইনজীবী মো. জাকারিয়া বলেন, আমাদের জবানবন্দি নেয়ার পর আশা করেছিলাম অভিযোগ তদন্তের ব্যবস্থা করবেন বিজ্ঞ আদালত। কিন্তু এটি খারিজ করে দেয়ায় আমরা ন্যায় বিচার বঞ্চিত হয়েছি। সুবিচারের আশায় আমরা উচ্চ আদালতে আপিল করার উদ্যোগ নেব।
ইত্তেফাক/এমআরএম
