অনুপ্রবেশের অভিযোগে আটক থাকার পর ৪ বাংলাদেশি শিশু-কিশোরকে হস্তান্তর করেছে ভারতের হিলি ইমিগ্রেশন পুলিশ। বৃহস্পতিবার দুপুর ১২টায় দিনাজপুরের হিলি চেকপোস্ট দিয়ে তাদের বাংলাদেশের হিলি ইমিগ্রেশন পুলিশের কাছে হন্তান্তর করে। গত দেড় বছর ধরে তারা ভারতের দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শুভায়ণ হোমে আটক ছিল।
দেশে ফিরে আসা এসব শিশু-কিশোররা হলো, রাজশাহী সদরের বোয়ালিয়া থানার শালবাগান এলাকার মিঠু মিয়ার ছেলে জহিরুল ইসলাম (১৫), একই এলাকার মিঠু হোসেনের ছেলে আলামিন ইসলাম (১৬), পঞ্চগড় জেলার আটোয়ারী থানার ছরারপাড় এলাকার রাজু হোসেনের ছেলে আরিফ হোসেন (১৫) এবং সুনামগঞ্জ জেলা সদরের সাহাব উদ্দীনের ছেলে নূর মোহাম্মদ (১৪)।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি রফিকুজ্জামান জানান, এরা বিভিন্ন সময়ে বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে অবৈধ ভাবে প্রবেশ করলে পুলিশ তাদের আটক করে। এদের বয়স ১৮ বছরের নীচে হওয়ায় কারাগারের পরিবর্তে বালুরঘাট শুভায়ণ হোমে আটক রাখা হয়। এরপর দুই দেশের আইনী প্রক্রিয়া শেষে আজ বৃহস্পতিবার তাদের হস্তান্তর করে।
ইত্তেফাক/আরকেজি
