ভোলার ঘটনায় দুই মামলায় ৫ জনের রিমান্ড

আপডেট : ২৪ অক্টোবর ২০১৯, ১৭:৪৯

ফেসবুকে মহানবী হযরত মোহাম্মদ (স:) কে নিয়ে কটূক্তি করাকে কেন্দ্র করে ভোলায় সংঘর্ষের ঘটনায় পৃথক দুটি মামলায় ৫ আসামিকে ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গত রবিবার বোরহানউদ্দিন উপজেলার এ ঘটনায় বৃহস্পতিবার ভোলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। 

পুলিশ জানায়, ফেইসবুকে কটূক্তি করার অভিযোগে বিপ্লব চন্দ্র শুভ, ঈমন এবং শাকিল ওরফে শরিফকে আইসিটি মামলায় আদালতে হাজির করা হলে আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেন। 

আরও পড়ুন: সৈয়দপুর আন্তর্জাতিক বিমান বন্দরে উন্নীত হবে: বিমান প্রতিমন্ত্রী

অপর দিকে রবিবার সংঘর্ষের ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় ভিডিও ফুটেজ দেখে বুধবার রাতে গ্রেফতারকৃত রাজিব ও সজীব নামের দুই যুবককে আজ আদালতে হাজির করা হয়। পুলিশ তাদের ৭ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

প্রসঙ্গত, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হযরত মুহাম্মদ (সঃ) কে নিয়ে কটুক্তি করার অভিযোগ উঠে বিপ্লব চন্দ্র শুভ নামের এক যুবকের বিরুদ্ধে।এ ঘটনায় জনতার বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষে চারজন নিহত ও ১০ পুলিশসহ প্রায় দেড় শতাধিক আহত হন। 

 ইত্তেফাক/এএএম