অগ্নিকাণ্ডে একে একে চলে গেলেন স্বামী-স্ত্রী ও ২ সন্তান

আপডেট : ২৪ অক্টোবর ২০১৯, ১৮:৪৩

বন্দরনগরী চট্টগ্রামে অগ্নিকাণ্ডের ঘটনায় একে একে চলে গেলেন স্বামী-স্ত্রী ও দুই শিশু সন্তানসহ একই পরিবারের ৪ জন। গত ১৯ অক্টোবর দিবাগত রাত ১২টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহতরা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের গৌড়নগর গ্রামের বাসিন্দা। 

জানা গেছে, গৌড়নগর গ্রামের আবুল খায়েরের ছেলে আমির হোসেন (৩২) চট্টগ্রামে মাছের ব্যবসা করতেন। পেশাগত কারণে স্ত্রী-সন্তান নিয়ে জেলার ডবলমুড়িং থানার মৌলভীপাড়ায় ভাড়া বাসায় থাকতেন। ওইদিন রাত ১২টায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে নিজ বাসায় অগুন লাগে। ঘুমিয়ে থাকা অবস্থায় আগুন লেগে আমির হোসেন, তার স্ত্রী খালেদা আক্তার (২৫), ছেলে আশরাফুল, মেয়ে উনিয়া গুরুত্বর আহত হন। স্থানীয়রা তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ছেলে আশরাফুলকে মৃত ঘোষণা করে। বাকিদের আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে প্রেরণ করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২৩ অক্টোবর) সকাল ১০ টার দিকে আমির হোসেন, রাত ১১টায় মেয়ে উনিয়া মারা যান। সর্বশেষ ওই দিন দিবাগত রাত ২টায়  অন্তঃসত্ত্বা স্ত্রী খালেদা আক্তার মারা যান। 

আরও পড়ুন: ভোলার ঘটনায় দুই মামলায় ৫ জনের রিমান্ড

আমির হোসেনের ভাই জামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের মধ্যে ছেলে আশরাফুলের মরদেহ বেশি ক্ষত হওয়ায় চট্টগ্রামেই তাকে দাফন করা হয়েছে। বাকিদের গৌড়নগর গ্রামের ঈদগাহ মাঠে জানাজা শেষে কবরস্থানে দাফন করা হয়েছে। 

কৃষ্ণনগর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ জিল্লুর রহমান, ঘটনাটি স্থানীয়দের কাছে শুনেছি।  

ইত্তেফাক/এএএম