ফেসবুকে প্রধানমন্ত্রীর বিকৃত ছবি পোস্ট, যুবক গ্রেফতার

আপডেট : ২৪ অক্টোবর ২০১৯, ২০:১২

ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকৃত ছবি ও আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে রাজশাহী মহানগরীর কেশবপুর এলাকা থেকে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার রাতে ওই যুবককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত যুবকের নাম রাতুল রহমান (৩১)। সে নগরীর রাজপাড়া থানার বেতিয়াপাড়ার আতাউর রহমানের ছেলে। বৃহস্পতিবার বিকালে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাতুলকে গ্রেফতারের বিষয়টি স্থানীয় সাংবাদিকদের নিশ্চিত করা হয়। 

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানী, মোল্লাপাড়া ক্যাম্পের একটি আভিযানিক দল মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে কেশবপুর ভেড়িপাড়ার ‘গ্রীনমার্ক আইটি’র দোকানে অভিযান চালিয়ে রাতুল রহমানকে আটক করে। এসময় তার একটি মোবাইল সেট, ২টি মেমোরি কার্ড ও  ফেইবুক পোস্টের স্ক্রিন শর্ট জব্দ করা হয়। পরে সেগুলো ঘেঁটে দেখা যায়, রাতুল সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকৃত ছবি, বিভিন্ন আপত্তিকর ও সরকার বিরোধী পোস্ট করেছে। 

আরও পড়ুন: আড়াইহাজারে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৩

পরে এ বিষয়ে র‌্যাবের পক্ষ থেকে রাতুলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে নগরীর রাজপাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়। এরপর তাকে আলামতসহ পুলিশে হস্তান্তর করা হয় বলে জানায় র‌্যাব। 

ইত্তেফাক/এএএম