উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে বাংলাদেশ দূতাবাস, ওমানের মাস্কাটে বাংলাদেশের গৌরবোজ্জ্বল ৪৯তম বিজয় দিবস উদযাপন করা হয়েছে। ওমানে করোনা পরিস্থিতির উন্নয়নের প্রেক্ষিতে এ অনুষ্ঠানটি করোনাত্তোর পরিস্থিতে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে প্রবাসী বাঙালিদের নিয়ে প্রথম জাতীয় অনুষ্ঠান।
জাতীয় সঙ্গীতের সাথে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বিজয় দিবস উদযাপনের প্রথম পর্বের অনুষ্ঠান শুরু হয়। পতাকা উত্তোলন শেষে বীর শহীদদের, বাংলাদেশের উত্তরোত্তর উন্নয়ন কামনা ও করোনা পরিস্থিতিতে দেশবাসীর জন্য দোয়া চেয়ে মোনাজাত করা হয়। শেষাংশে রাষ্ট্রদূত বিজয় দিবস উদযাপনে বাংলাদেশ দূতাবাস গৃহীত কর্মসূচির দ্বিতীয় পর্বে সকলের অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন।
বৈকালিক অনুষ্ঠানমালার সূচনা হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের আলেখ্যপূর্ণ ভিডিও প্রামাণ্যচিত্র, মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে। এরপর আনুষ্ঠানিক বানী পাঠের পর আলোচনা অনুষ্ঠানে বাংলাদেশ কম্যুনিটির নেতৃবৃন্দ আলোচনায় অংশগ্রহণ করেন।
রাষ্ট্রদূত তার বক্তব্যে দেশকে এগিয়ে নিয়ে যাবার পথে সবাইকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান। তিনি বলেন, ভিশন ২০৪১, ডেল্টা প্ল্যান-২১০০ ও উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বর্তমান সরকারের গৃহীত কর্মসূচিকে বাস্তবায়ন করে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ‘সোনার বাংলা’ গড়ে তুলতে যার যার অবস্থান থেকে অবদান রাখতে হবে। বিনিয়োগ বান্ধব বাংলাদেশকে বিশ্বের কাছে তুলে ধরতে বিগত সময়ে আমাদের অর্জিত অর্থনৈতিক সাফল্যকে সকলের কাছে উপস্থাপন করতে হবে। বক্তব্যের শেষে তিনি চলমান মুজিববর্ষকে যথাযোগ্য মর্যাদায় সকলকে নিয়ে উদযাপন করার আহ্বান জানান।
ইত্তেফাক/ইউবি

