রাজনীতিতে শূন্যতা ও অস্থিরতা বিরাজ করছে ----------------জি এম কাদের

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের বলেছেন, দেশের রাজনীতিতে শূন্যতা ও অস্থিরতা বিরাজ করছে। জাপা মানুষের আস্থা অর্জন করে এই রাজনৈতিক শূন্যতা পূরণ করবে। গতকাল বৃহস্পতিবার তিনি তার বনানীস্থ কার্যালয়ে জাতীয় মহিলা পার্টি ও জাতীয় ওলামা পার্টির নেতাদের সাথে পৃথক মতবিনিময় সভায় একথা বলেন।

জি এম কাদের বলেন, রাজনীতির জন্য টাকা প্রয়োজন আছে, কিন্তু টাকার জন্য রাজনীতি মানেই দুর্নীতি। রাজনীতিতে গুণগত পরিবর্তন আনবে জাপা। দেশের মানুষের আস্থা অর্জন করেই এরশাদের নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলব। তৃণমূলে জাপাকে শক্তিশালী করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জনিয়ে তিনি বলেন, ভাড়া করা মানুষ দিয়ে আমরা রাজনীতি করব না। যারা রাজনীতি করবেন তাদের ত্যাগ স্বীকারের মানসিকতা থাকতে হবে।