টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা
ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে কক্সবাজারের টেকনাফ সড়কের বিভিন্ন সেতু। এ সড়কে যানবাহনের চাপ এবং টেকনাফ স্থলবন্দরের ভারী পণ্যবাহী পরিবহন চলাচল বেড়ে যাওয়ায় বিভিন্ন সেতু ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে বলে স্থানীয় বাসিন্দারা জানান। টেকনাফ-কক্সবাজার সড়কের ঝুঁকিপূর্ণ এসব সেতু দ্রুত মেরামতের দাবি জানিয়েছেন স্থানীয় জনসাধারণ এবং পরিবহন সংশ্লিষ্টরা। ঝুঁকিপূর্ণ ব্রিজগুলোর পাশে সওজ কর্তৃপক্ষ এবং স্থানীয় লোকজন লাল পতাকা পুঁতে দিয়ে যানবাহন এবং জনসাধারণকে সাময়িকভাবে সতর্ক করছেন। তার মাঝেও বিভিন্ন সময় ব্রিজ পারাপার হতে গিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন যানবাহন।
পরিবহন সংশ্লিষ্টরা জানান, চলতি বর্ষা মৌসুমে প্রবল বৃষ্টিতে সৃষ্ট পাহাড়ি ঢলে উপজেলার কায়ুকখালী ব্রিজ, নাইট্যংপাড়া ব্রিজ, নে-টং পাহাড়স্থ ব্রিজ, দমদমিয়া ব্রিজ, দক্ষিণ জাদিমুরা ওমর খাল ব্রিজ, জাদিমুরা ব্রিজ, মুচনি খালের ব্রিজ, লেদা খালের ব্রিজ, আলীখালী ব্রিজ, ওয়াব্রাং ব্রিজ, উনছিপ্রাং ব্রিজ ও হোয়াইক্যং আমতলীস্থ কালভার্ট ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ঝুঁকি নিয়ে প্রতিদিন এসব ব্রিজ দিয়ে যানবাহন চলছে। এদিকে, এসব ব্রিজ ও কালভার্ট দ্রুত সংস্কার বা মেরামত করা না হলে যে কোনো মুহূর্তে ধসে গিয়ে যান চলাচল ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। টেকনাফ সড়ক দিয়ে প্রতিদিন স্থলবন্দরস্থ আমদানি-রপ্তানি পণ্য ও উত্পাদিত ফসল বোঝাই ভারী যানবাহন চলাচল করছে।
পরিবহন ব্যবসায়ী মৌলভী শাকের আহমদ জানান, বর্ষার আগেই টেকনাফ সড়কের বেশ কয়েকটি ব্রিজ ঝুঁকিপূর্ণ ছিল। তবে বর্ষার ভারী বর্ষণে সৃষ্ট পাহাড়ি ঢলে এসব ব্রিজ আরো বেশি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। তিনি দ্রুত সময়ে ঝুঁকিপূর্ণ এসব ব্রিজ-কালভার্ট মেরামতের দাবি জানিয়েছেন।
হোয়াইক্যং কাঞ্জরপাড়া এলাকার বিশিষ্ট ব্যবসায়ী আব্বাছ আলী জানান, টেকনাফ সড়কের কিছু কিছু ব্রিজ ঝুঁকির মধ্যে থাকায় যানবাহন নিয়ে চলাচল করা বিপদজনক। তিনিও ঝুঁকিপূর্ণ ব্রিজ-কালভার্ট দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন।
টেকনাফ উপজেলা চেয়ারম্যান নূরুল আলম জানান, শহীদ এটিএম জাফর আলম সড়কের টেকনাফ অংশের বেশ কয়েকটি ব্রিজ চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
কক্সবাজার সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা জানান, টেকনাফ সড়কের এসব ব্রিজ ও কালভার্ট আমাদের পর্যবেক্ষণে রয়েছে। এখনো যানবাহন চলাচল ব্যাহত বা সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার মতো ঘটনা ঘটেনি। তবে বর্ষা শেষ হলেই স্থায়ীভাবে এসব ব্রিজ- কালভার্ট সংস্কারের পরিকল্পনার কথা জানান সড়ক বিভাগের এই প্রকৌশলী।