পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীন বিএ/বিএসএস প্রথম বর্ষের ইংরেজি পরীক্ষায় পরীক্ষার্থী সেজে প্রক্সি দেওয়ার দায়ে আকিকুল ইসলাম নামের ১ যুবককে এক বছরের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার সকালে নেত্রকোনার পূর্বধলায় রাবেয়া আলী মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।
দণ্ডপ্রাপ্ত আকিকুল ইসলাম উপজেলার হোগলা ইউনিয়নের ভিকুনীয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। পারভেসুজ্জামান নামে এক পরীক্ষার্থীর স্থলে পরীক্ষায় অংশ নিতে এসে ধরা পড়ে সে।
পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মেকুলসুম জানান, শুক্রবার সকালে রাবেয়া আলী মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ/বিএসএস প্রথম বর্ষের ইংরেজি পরীক্ষা চলছিল। পরীক্ষার্থী পারভেসুজ্জামানের পরিবর্তে ঐ যুবক এতে প্রক্সি দিচ্ছিল।
খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরীক্ষা কেন্দ্রে অভিযান চালিয়ে আকিকুল ইসলামকে আটক করে তাকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় আকিকুল ইসলাম জরিমানার টাকা পরিশোধ না করায় তাকে আরো সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এ ব্যাপারে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তাওহীদুর রহমান জানান, আসামিকে জেলহাজতে পাঠানো হয়েছে।