সাঁথিয়ায় দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

সাঁথিয়া (পাবনা) সংবাদদাতা

সাঁথিয়ায় সিএন্ডবি মোড়ে সালমান ইলেকট্রনিক্সের সামনে থেকে ৫০০ পিস ইয়াবাসহ কাওছার আহম্মেদ ওরফে অন্তর এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২। সে উপজেলার সোনাতলা গ্রামের রহম শেখের ছেলে।

অপর অভিযানে সাঁথিয়া থানা পুলিশ গাঁজাসহ মনিরুল ইসলাম পাপ্পা নামের অপর এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। সে করমজা গ্রামের মৃত আ. রাজ্জাকের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে তাদের গ্রেফতার করা হয়।

সাঁথিয়া থানার ওসি আসাদুজ্জামান জানান, দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সাঁথিয়া থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। শুক্রবার দুপুরে আসামিদের আদালতে প্রেরণ করা হয়। আসামি অন্তরের বিরুদ্ধে রিমান্ড আবেদন করা হয়েছে।