নারীসহ চার জন জখম
কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের পেকুয়ায় খাসজমি ও দোকানঘর দখলকে কেন্দ্র করে পৃথক হামলায় দুই নারীসহ চার জনকে কুপিয়ে জখম করা হয়েছে বলে জানা গেছে। আহতদের মাঝে দুই জনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার সকাল ও বৃহস্পতিবার সন্ধ্যায় পেকুয়া সদরে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, ২৪ শতক খাসজমি নিয়ে উপজেলার সদর ইউনিয়নের বকসুচৌকিদার পাড়া গ্রামে আব্দু রহিম ও একই এলাকার বদিউল আলমের ছেলে নাছির উদ্দিনের মধ্যে বিরোধ চলছিল। শুক্রবার সকালে জমি দখল-বেদখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় এক নারীসহ তিন জন আহত হন। আহতরা হলেন, শফিউল আলম (৬০), আব্দু রহিম (৪৫) ও হালিমা বেগম (৩৭)।
পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিত্সক অনুরাক্ষী বড়ুয়া জানায়, আবদু রহিম ও শফিউল আলমের অবস্থা আশঙ্কাজনক। দুই জনকে চমেক হাসপাতালে রেফার করা হয়েছে। পেকুয়া থানার ওসি কামরুল আজম জানায়, এ ধরনের ঘটনার খবর এখন পায়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অপরদিকে, পেকুয়া সদরের কলেজগেইট চৌমুহনী স্টেশনে একটি কুলিং কর্ণারে ব্যাপক ভাংচুরসহ তাণ্ডব চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় জেসমিন আক্তার (৩৫) নামের এক নারীকে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় হামলার এ ঘটনা ঘটে। জেসমিন আক্তার উপজেলা সদর ইউনিয়নের আন্নর আলী মাতবর পাড়া গ্রামের নুর মুহাম্মদের স্ত্রী। পেকুয়া থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান জানায়, ভিকটিম নারীকে নিয়ে তারা থানায় এলে হাসপাতালে ভর্তি হতে বলেছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।