ইয়ং এলিফ্যান্টসের রুদ্ধশ্বাস জয়

গতবারের চ্যাম্পিয়নদের বিদায়

স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম থেকে

ইয়ং এলিফ্যান্টস শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের ‘এ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে শিরোপাধারী টিসি স্পোর্টসকে ২-১ গোলে হারিয়ে টুর্নামেন্টে নিজেদের টিকিয়ে রেখেছে। ম্যাচের পর কোচ ভি সেলভারাজ শেষ চারে খেলার আশাবাদ ব্যক্ত করেন।

হারলে ইয়ং এলিফ্যান্টের শেষ চারের আশা শেষ হয়ে যেত। আর ড্র করলে সমীকরণ কিছুটা ঘোলাটে হয়ে পড়ত। এমন ঝুঁকি এড়াতেই কি না গতকাল শুক্রবার চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে প্রথম মিনিট থেকেই ম্যাচের দখল নিয়েছিল লাওসের দলটি। মাঝ মাঠের দখলটা গোলে রূপ নিতে সময় নিল মোটে ১৮ মিনিট। একক নৈপুণ্য দেখিয়ে টিসি রক্ষণ ও গোলরক্ষককে পরাস্ত করেন ইয়ং এলিফ্যান্ট অধিনায়ক বোনপাচান বোনকং।

টিসি প্রতিপক্ষ গোলমুখে প্রথম শটটা নেয় ৩৬তম মিনিটে। তবে ইবরাহিম সরফরাজের শট রুখে শিরোপাধারীদের পথ আগলে দাঁড়ান এলিফ্যান্টস গোলরক্ষক জায়সাভাথ। ৪০তম মিনিটে গোলরক্ষকের বীরত্বে গোলবঞ্চিত প্রায় ৩৫ গজ দূর থেকে আফিজায় থানাকান্তির ফ্রি কিক দারুণ রিফ্লেক্সে রুখে প্রতিপক্ষকে ব্যবধান বাড়াতে দেননি টিসি গোলরক্ষক নাদিম আদম। ফলে এক গোলে এগিয়েই প্রথমার্ধ বিরতিতে যায় ইয়ং এলিফ্যান্টস।

এ ধারা অব্যাহত ছিল বিরতির পরও। ৫২ মিনিটে সমজেই কিওহানামের বাড়ানো বল ধরে প্রথমার্ধের গোলদাতা বোনকংয়ের দারুণ সোলো রানটি শেষ হয় এক লক্ষ্যভ্রষ্ট শটে। ৬০ মিনিটে প্রায় একই জায়গা থেকে এলিফ্যান্টস অধিনায়কের কোনাকুনি প্রয়াসে ব্যবধান বাড়ায় লাওসের দলটি।

৭৮ মিনিটে বাঁ প্রান্ত থেকে ওপরে উঠে আসা মোহামেদ সামিরের গোলে ব্যবধান কমায় টিসি স্পোর্টস। টানটান উত্তেজনার শুরুও সেখানেই। মিনিট চারেক পর বদলি খেলোয়াড় ইসমাইল ঈসার পাসে তারই করা শটটি গোলপোস্টে প্রতিহত না হলে সমতাই ফিরিয়ে ফেলত টিসি।

একেবারে শেষ মুহূর্তে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল এলিফ্যান্টস। বোনপাচাংয়ের ক্রসে কিওহানাম পা ছোঁয়াতে ব্যর্থ হন। সঙ্গে সঙ্গেই বাজে রেফারির শেষ বাঁশি। ফলে ২-১ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে কোচ ভি সেলভারাজের শিষ্যরা।

জয়টির পরও নিশ্চিত ছিল না দলটির সেমিফাইনালে খেলা। তাকিয়ে থাকতে হয়েছিল একই ভেন্যুতে চট্টগ্রাম আবাহনী-মোহামেডানের ফলের দিকে।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে কোচ সেলভারাজ দলের পারফরমেন্সে সন্তুষ্টি জানিয়ে বলেন, ‘পুরো টুর্নামেন্টে যেমন খেলেছে আমার দল তাতে আমি সন্তুষ্ট। আজকেও শুরু থেকে ম্যাচের দখল নিয়েছিলাম আমরা। তবে প্রতিপক্ষ আমাদের রক্ষণকে শুরু থেকে চাপ সৃষ্টি করেনি এটা আমাকে অবাক করেছে। এখনো আমাদের সেমিফাইনাল নিশ্চিত নয়। গ্রুপের শেষ ম্যাচে ফলটা যেন আমাদের পক্ষে আসে সে কামনাই করছি।’