শিরোপা লড়াইয়ে ফ্লামিঙ্গো ও রিভারপ্লেট

দক্ষিণ আমেরিকার ক্লাব ফুটবলের সর্বোচ্চ আসর কোপা লিবেরতাদোরেসের এবারের ফাইনালে উঠেছে ব্রাজিল ও আর্জেন্টিনার দুই দল ফ্লামিঙ্গো ও রিভারপ্লেট। আগামী ২৩ নভেম্বর চিলির সান্তিয়াগোয় হবে ফাইনালটি। এর মধ্যে ব্রাজিলের ফ্লামিঙ্গো ৩৫ বছর পর আবার ফাইনালে উঠল। নিজ দেশের গ্রেমিওকে ৫-০ গোলে হারিয়েই দলটি এ কৃতিত্ব দেখায়। ফ্লামিঙ্গো ১৯৮১ সালে একবারই টুর্নামেন্টটি জয়ের পর আবার শিরোপা লড়াইয়ে যোগ দিল। অপরদিকে রিভারপ্লেট চার বারের চ্যাম্পিয়ন। আর্জেন্টিনার রাজধানীর ক্লাবটি গত মঙ্গলবার সেমিফাইনালের ফিরতি লেগে হেরে গেলেও দুই পর্ব মিলিয়ে বোকা জুনিয়র্সের বিরুদ্ধে ২-১ এ জিতে শিরোপা ধরে রাখার লড়াইয়ে যোগ দেয়। গত বছর এই বোকাকে হারিয়েই তারা কোপা লিবেরতাদোরেস জিতেছিল।