নির্বাচনী আইন লঙ্ঘনে পদত্যাগ জাপানের বাণিজ্যমন্ত্রীর

বিবিসি

নির্বাচনী আইন লঙ্ঘনের অভিযোগ উঠায় পদত্যাগ করেছেন জাপানের বাণিজ্যমন্ত্রী ইশু সুগাওয়ারা। লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির এ রাজনীতিবিদ তার সংসদীয় এলাকার ভোটারদের দামি বাঙ্গি, কমলা, মাছের ডিম এবং রয়েল জেলির মতো উপহার পাঠিয়েছিলেন। মৃত এক সমর্থকের পরিবারকে ২০ হাজার ইয়েন দেওয়ার প্রস্তাবও দিয়েছিলেন বলে অভিযোগ দেশটির গণমাধ্যমগুলোর।

জাপানের নির্বাচনী আইনে নিজের সংসদীয় আসনের ভোটারদের অর্থ ও অন্যান্য উপহার দেওয়া নিষিদ্ধ। ইশুর বিরুদ্ধে এ অভিযোগগুলো প্রথম হাজির করে জাপানের সাপ্তাহিক ম্যাগাজিন শুকান বুনশান। ইশুর সচিব মৃত ঐ সমর্থকের পরিবারকে ২০ হাজার ইয়েন (১৮৫ ডলার) দেওয়ার প্রস্তাব দেন বলেও জানান তারা। জাপানে মৃত ব্যক্তিদের পরিবারকে অর্থ দেওয়ার চল আছে। বাণিজ্য মন্ত্রীর কার্যালয় থেকে তার সংসদীয় আসনের ভোটারদের পাঠানো কড মাছের ডিম ও কমলাসহ বিভিন্ন উপহারের তালিকাও প্রকাশ করেছে শুকান ম্যাগাজিন। উপহার গ্রহীতাদের পাঠানো ‘ধন্যবাদ বার্তা’ও ছেপে দিয়েছে তারা।

নিকেই এশিয়ান রিভিউকে শুক্রবার ইশু জানান, নির্বাচনী আইন লঙ্ঘন করেছেন কি না, তা নিশ্চিত না হলেও তিনি পদ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।