বিএসএমএমইউতে খালেদা জিয়াকে পুনরায় চিকিত্সা দেওয়ার নির্দেশনা চেয়ে রিট

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে পুনরায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) ভর্তি করে চিকিত্সা সেবা প্রদানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আজ সোমবার এ আবেদনের ওপর শুনানি হতে পারে।

এ প্রসঙ্গে বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, হাইকোর্টের নির্দেশে খালেদা জিয়াকে বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি করে চিকিত্সা সেবা দেওয়া হয়েছে। কিন্তু মেডিক্যাল বোর্ডের কোনো ধরনের মতামত ছাড়াই এবং হাইকোর্টকে অবহিত না করেই তাঁকে অসুস্থ অবস্থায় পুনরায় কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। এটা ঠিক হয়নি। এ কারণে তাঁর চিকিত্সা সেবা প্রদানের নির্দেশনা চেয়ে এ রিট করা হয়েছে।

প্রসঙ্গত, হাইকোর্টের নির্দেশে গত ৬ অক্টোবর খালেদা জিয়াকে পুরাতন কেন্দ্রীয় কারাগার থেকে বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে এক মাসের চিকিত্সা প্রদান শেষে গত ৭ নভেম্বর তাঁকে কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।