ইত্তেফাক রিপোর্ট
অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া ৮২৩ মেধাবী ছাত্রছাত্রীকে শিক্ষাবৃত্তি দিয়েছে বহুজাতিক এনার্জি কোম্পানি শেভরন। সিলেট ও মৌলভীবাজারের ২৪টি স্কুলের শিক্ষার্থীদের এ বৃত্তি প্রদান করা হয়। গতকাল শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সিলেটের বিবিয়ানা গ্যাস প্লান্টে আয়োজিত এক অনুষ্ঠানে বৃত্তি হস্তান্তর করা হয়েছে। জেলার জালালাবাদ ও বিবিয়ানা এবং মৌলভীবাজার গ্যাসক্ষেত্রের নিকটবর্তী স্কুলগুলোতে প্রতি বছর এ বৃত্তি প্রদান করা হয়। এ বছর বৃত্তি পাওয়দের মধ্যে ৬৪ শতাংশ ছাত্রী।
শিক্ষাবৃত্তি ছাড়াও স্কুলে আরো শিক্ষক নিয়োগ, কম্পিউটার ল্যাব স্থাপন, কোচিং, এন্ডয়মেন্ট তহবিল, স্কুল ইউনিফর্ম, খেলার সামগ্রী, ফার্নিচার, স্বাস্থ্যসম্মত লেট্রিন ও সুপেয় পানি সহায়তা দিচ্ছে শেভরন। বাংলাদেশে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার, শেভরন বাংলাদেশের প্রেসিডেন্ট নিলমিন গাস, কর্পোরেট অ্যাফেয়ার্স বিভাগের পরিচালক ইসমাইল চৌধুরী, বিবিয়ানা গ্যাস ফিল্ড সুপারিনটেনডেন্ট আশিক রহমান উপস্থিত ছিলেন।