ঢাকা অনুবাদ উত্সবের আজ সমাপনী
ইত্তেফাক রিপোর্ট
অর্থনীতিকভাবে শক্তিশালী না হলে সে দেশের অনুবাদ তথা সাহিত্যকে বিশ্ব গুরুত্ব দিতে চায় না। বাংলাদেশের সাহিত্য তাই এতদিন সেভাবে বিশ্বদরবারে গুরুত্ব পায়নি। কিন্তু বলা হচ্ছে ২০৫০ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতি ইউরোপের অনেক দেশকে ছাড়িয়ে যাবে। আর সেজন্যই বাংলাদেশকে সারা বিশ্বে ছড়িয়ে দিতে অনুবাদ সাহিত্য তথা অনুবাদকে গুরুত্ব দেওয়া দরকার। সেটা না হলে যে বাংলাদেশের কথা বলা হচ্ছে তার পুরোপুরি বাস্তবায়ন হবে না। দ্বিতীয়বারের মতো আয়োজিত ঢাকা অনুবাদ উত্সবে বক্তারা এসব কথা বলেন। দুই দিনের এ উত্সব আয়োজন করেছে ঢাকা অনুবাদ উত্সব কর্তৃপক্ষ।
গতকাল শুক্রবার সকালে শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উত্সব উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী। আরো উপস্থিত ছিলেন অনুবাদক ড. ফকরুল আলম, অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাশিদ আসকারি, কবি ও অনুবাদক গৌরাঙ্গ মোহন্ত। আরো উপস্থিত ছিলেন উত্সবের দুই পরিচালক আহসান ইমান এবং বীনা বিশ্বাস।
গওহর রিজভী বলেন, বাংলাদেশ মানে তার নিজস্ব সংস্কৃতি, সাহিত্য, সংগীত, নৃত্যকলা। এটাই আমাদের ঐতিহ্য। কিন্তু এসকল বিষয়ে বাইরের দুনিয়া জানে খুব কম। আর তাই সরকারের আজ এমন অনুবাদকের দরকার যারা দেশকে বই অনুবাদের মাধ্যমে পুরো বিশ্বের কাছে তুলে ধরবেন।
সৈয়দ মনজুরুল ইসলাম বলেন, অর্থনৈতিকভাবে একটি দেশ শক্তিশালী না হলে কোনো দেশের শিল্প-সাহিত্যকে বাইরের বিশ্ব গুরুত্ব দিতে চায় না। যেকারণে আমাদের সাহিত্য একটি দীর্ঘসময় পর্যন্ত বিশ্বের কাছে তেমন কদর পায়নি। কিন্তু বাংলাদেশ এখন অর্থনৈতিকভাবে সমৃদ্ধ। সেজন্য অনেকেই এখন আমাদের শিল্পসাহিত্যের প্রতি আগ্রহ প্রকাশ করবে। আজ শনিবার উত্সবের দ্বিতীয় দিন।
রবিরশ্মির ২১ বছর :গানে গানে ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করল ঐতিহ্যবাহী সংগীত সংগঠন রবিরশ্মি। গতকাল কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে শিল্পীরা রবীন্দ্র সংগীত পরিবেশন করেন। এর পাশাপাশি ভারতের আগরতলার স্বনামধন্য দুই রবীন্দ্র সংগীত শিল্পীকে সম্মাননা দেওয়া হয়। এরা হলেন দেবাশীষ এন্দ ও দেবাশীষ বর্ধন রায়।
সম্মাননা প্রদানের পর নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এতে সংগীত পরিবেশন করেন শিল্পী মহাদেব সাহা, সাইদ মাহমুদ শুভ, মাকসুদ জামিল তুলি, শান্তা পাল, কেয়া হায়দার, উত্তম কুমার শর্মা, আহমেদ মায়া আখতারি, ময়না রানী দাস, মানসী সাধু, কংকন চৌধুরী, ইপা বড়ুয়া, শুভাগত চৌধুরী প্রমুখ।