দুর্নীতি-অনিয়ম যার বিরুদ্ধে পাওয়া যাবে তাকেই গ্রেফতার করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী

বিশেষ প্রতিনিধি

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশে এখন যে দুর্নীতিবিরোধী অভিযান চলছে তা অব্যাহত থাকবে। দুর্নীতি-অনিয়ম যার বিরুদ্ধে পাওয়া যাবে তাকেই গ্রেফতার করা হবে। তার কোনো দল বা আদর্শ নেই। তাকে অপরাধী হিসেবেই শনাক্ত করা হবে। আর তা করা হচ্ছে দেশে সুশাসন নিশ্চিত করার জন্য। তিনি বলেন, ভোলার ঘটনায় কারা জড়িত খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার এখনো তদন্ত চলছে। তদন্তের পরই প্রকৃত কারণ বেরিয়ে আসবে। গতকাল শুক্রবার উত্তরায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) মাঠে অ্যাম্বাসি কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ, ওয়ালটনের আন্তর্জাতিক বিজনেস ইউনিটের সভাপতি এডওয়ার্ড কিম, আর্মড পুলিশ ব্যাটালিয়ন সদর দরের অতিরিক্ত আইজিপি মোশাররফ হোসেন প্রমুখ। দুই দিনব্যাপী এই প্রতিযোগিতায় টাইটেল স্পন্সর ওয়ালটন গ্রুপ।