বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সারাদেশে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে। জনগণ আগামী ৩০ ডিসেম্বর ধানের শীষে ভোট দিয়ে ব্যালটের মাধ্যমেই সরকারকে বিদায় জানাবে।
বৃহস্পতিবার হোমনা উপজেলার ঘাড়মোড়া, জয়পুর ও ভাসানিয়া ইউনিয়নে নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।
ড. মোশাররফ আরো বলেন, আওয়ামী লীগ ভোট চুরি করার চেষ্টা করতে পারে, তাই সকলকে ভোট কেন্দ্র পাহারা দিতে হবে। বিএনপির কোনো অস্ত্র নেই, বিএনপির অস্ত্র একটিই সেটি হলো ভোটের দিনে একটি ব্যালট পেপার। তাই দলীয় চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করাসহ সরকার পরিবর্তনের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থেকে আগামী ৩০ ডিসেম্বর ধানের শীষে ভোট দিতে হবে। তিনি জনতার উদ্দেশ্যে বলেন, আপনারা কারো কোনো উসকানিতে পা দেবেন না। আমরা নির্বাচনে আছি এবং শেষ মুহূর্ত পর্যন্ত দেখব। সরকার ইতোমধ্যে বিএনপির গণজোয়ারে হতাশ হয়ে পড়েছে।
পথসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সভাপতি মুক্তিযোদ্ধা মাহফুজুল ইসলাম, সেক্রেটারি ও উপজেলা চেয়ারম্যান অ্যাড. আজিজুর রহমান মোল্লা, পৌর বিএনপির সভাপতি মোজাম্মেল হক মুকুল প্রমুখ।