আলোকিত মানুষ তৈরিতে বিতর্কচর্চার বিকল্প নেই

খুলনায় ‘সবুজে বাঁচি সবুজ বাঁচাই, যুক্তি দিয়ে জীবন সাজাই’ স্লোগানে বিতর্ক প্রেমীদের সবচেয়ে বড়ো মিলন মেলা এনডিএফ বিডি ষষ্ঠ খুলনা বিভাগীয় বিতর্ক উত্সব অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে নগরীর বয়রায় খুলনা সরকারি মহিলা কলেজ অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে দিনব্যাপী এ বিতর্ক উত্সবের উদ্বোধন করেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. হাবিবুল হক খান।

বিতর্কের প্রসার ও শিক্ষায় বিশেষ অবদানের জন্য ব্যতিক্রমধর্মী এই বিতর্ক মেলার আয়োজন করে ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ, খুলনা অঞ্চল। বর্ণাঢ্য এই মিলন মেলার মিডিয়া পার্টনার দেশের ঐতিহ্যবাহী ও বহুল প্রচারিত পত্রিকা দৈনিক ইত্তেফাক, ইলেকট্রনিক মিডিয়া চ্যানেল আই ও সারা বাংলা.নেট।

বিতর্কের এই মিলন মেলায় খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পাঁচটি মেডিক্যাল কলেজের শিক্ষার্থীসহ ১১ জেলার ৫২টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১ হাজার বিতার্কিক অংশগ্রহণ করেন। এ উপলক্ষ্যে সকালে তীব্র বৃষ্টি উপেক্ষা করে খুলনা সরকারি মহিলা কলেজ চত্বর থেকে আনন্দ শোভাযাত্রা বের করা হয়।  এই আয়োজনে দেশের সেরা তার্কিকরা সংসদীয় বিতর্ক, ব্রিটিশ পার্লামেন্টারি ডিবেট, পেশাজীবী বিতর্ক, আঞ্চলিক বিতর্ক উপস্থাপন করেন। এছাড়াও পাবলিক স্পিকিং ও ক্যারিয়ারবিষয়ক কর্মশালার পাশাপাশি বাংলা বারোয়াড়ি বিতর্ক প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা এবং ইংলিশ পাবলিক স্পিকিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, বিতর্ক প্রতিযোগিতায় বুদ্ধিদীপ্ত নেতৃত্ব তৈরি হয়। আলোকিত মানুষ তৈরিতে সুস্থ বিতর্কের কোনো বিকল্প নেই। সমাজ তথা দেশকে আগামীর পথে এগিয়ে নিতে যুক্তিবাদী সমাজ গঠন খুবই প্রয়োজন। বিতর্কচর্চার মধ্য দিয়ে আমরা যেমন একটি মেধাবী জাতি ও সমৃদ্ধিশালী দেশ বা সমাজ পেতে পারি, তেমনি একইভাবে বিতর্ক শিক্ষার্থীকে যুক্তিশীল ও সুনাগরিক হতে সাহায্য করে।

তারা বলেন, বর্তমানে চতুর্থ শিল্প বিপ্লবের যুগ। বিতর্কচর্চার মাধ্যমে শিক্ষার্থী তার মেধাকে সমৃদ্ধ ও নিজেকে পরিচ্ছন্ন উপস্থাপক হিসেবে গড়ে তুলতে পারে। মাদক থেকে শিক্ষার্থীদের দূরে থাকতে হবে। মাদক জীবনকে শেষ করে দেয়। এ পর্বে সভাপতিত্ব করেন খুলনা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর টি এম জাকির হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি) এর চেয়ারম্যান একেএম শোয়েব এবং খুলনা মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ ডা. মো. মেহেদী নেওয়াজ। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এনডিএফ বিডি খুলনা অঞ্চলের মডরেটর তাকদীরুল গনী, কুষ্টিয়া জোনের কো-চেয়ারম্যান এস এম শামীম রানা, এনডিএফ বিডি ষষ্ঠ খুলনা বিভাগীয় বিতর্ক উত্সবের আহ্বায়ক মো. আল আমিনুর রহমান আকাশ প্রমুখ ।

অনুষ্ঠানে বিতর্কের প্রসার ও শিক্ষায় বিশেষ অবদানের জন্য খুলনা মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ ডা. মো. মেহেদী নেওয়াজকে আজীবন সম্মাননা প্রদান করা হয়।

সমাপনি ও পুরস্কার বিতরণী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা পাবলিক কলেজের উপাধ্যক্ষ সেলিম হায়দার চৌধুরী ও ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের মহাসচিব তামজিদ হাসান পাপুল। এ পর্বে সভাপতিত্ব করেন এনডিএফ বিডি খুলনা অঞ্চলের মডারেটর মো. তাকদীরুল গনী।