মা-মেয়েসহ সড়কে ঝরল ৮ প্রাণ

দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় আট জন নিহত হয়েছেন। এর মধ্যে বগুড়ার শিবগঞ্জে দুর্ঘটনায় মা-মেয়েসহ তিন জন মারা গেছেন। গতকাল ইত্তেফাকের ব্যুরো অফিস, ভ্রাম্যমাণ প্রতিনিধি, জেলা প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর—

বগুড়া : শিবগঞ্জে বাস উলটে এক নারীসহ দুই শিশু নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আরো অন্তত ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে উপজেলার রহবল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ উপজেলার মনোয়ার হোসেনের স্ত্রী শাবনুর (২৩) ও মেয়ে মঞ্জিলা আক্তার (২), দিনাজপুরের কাহারোল উপজেলার তারগাঁও এলাকার বাসিন্দা আলামিনের ছেলে মেহেদী হাসান (৩)। ঢাকাগামী রাহবারের একটি বাস বৃহস্পতিবার রাতে বৃষ্টির কারণে চালক নিয়ন্ত্রণ হারালে পাশে খাদে উল্টে যায়। এতে এই হাতাহতের এ ঘটনা ঘটে।

ঝিনাইদহ : ঝিনাইদহে ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহতরা হলেন ঝিনাইদহ সদর উপজেলার চুটলিয়া গ্রামের আতিয়ার রহমানের ছেলে হাসানুজ্জামান (২৫) ও একই  গ্রামের রওশান আলির ছেলে রাশেদুল ইসলাম (২৩)। সদর থানার ওসি মঈন উদ্দিন জানান, নিহতরা সম্পর্কে চাচা  ভাতিজা।

হাজীগঞ্জ (চাঁদপুর) : গতকাল উপজেলার পৌর এলাকায় অটোরিকশা চাপায় ইব্রাহিম নামে চার বছরের শিশু নিহত  হয়েছে। গতকাল রান্ধুনীমুড়া ইউসুফ আলী হাজি বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। ইব্রাহিম ঐ বাড়ির জামাল হোসেনের ছেলে।

মুক্তাগাছা (ময়মনসিংহ) : মুক্তাগাছায় সড়ক দুর্ঘটনায় তারাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আহত মতি মাস্টার মারা গেছেন। গতকাল ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। গত ২১ অক্টোবর দুর্ঘটনায় তিনি আঘাতপ্রাপ্ত হন ।

ঘিওর (মানিকগঞ্জ) : ঘিওরে  দ্রুত গতির একটি অটোরিকশা সড়কের পাশে থাকা একটি রিকশাকে চাপা দিলে রিকশার যাত্রী জাহাঙ্গীর আলম (২২) নামে এক ব্যক্তি আহত হয়। গতকাল তিনি মারা যান। জাহাঙ্গীর আলম উপজেলার কালাচাদপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।