রাষ্ট্রপতি সিঙ্গাপুরে পৌঁছেছেন

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জাপান ও সিঙ্গাপুরে আট দিনের রাষ্ট্রীয় সফরে গতকাল শুক্রবার বিকেলে সিঙ্গাপুরে পৌঁছেছেন। সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি বিমান রাষ্ট্রপতি ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে বেলা ৩টা ১৫ মিনিটে (স্থানীয় সময়) চেঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সিঙ্গাপুরে বাংলাদেশের হাইকমিশনার মো. মোস্তাফিজুর রহমান ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তারা বিমানবন্দরে রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান। এর আগে রাষ্ট্রপতি সকাল ৯টায় (স্থানীয় সময়) জাপানের রাজধানী টোকিওর হানিদা আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

রাষ্ট্রপতি সিঙ্গাপুরে দুই দিনের যাত্রাবিরতি করবেন। এ সময় তিনি ইয়র্ক হোটেল সিঙ্গাপুরে অবস্থান করবেন। রাষ্ট্রপতি ২৭ অক্টোবর দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

জাপান সফরকালে রাষ্ট্রপতি সেইডেন স্টেট হলে জাপানের ১২৬তম সম্রাট নারুহিতোর সিংহাসনে আরোহণের অভিষেক অনুষ্ঠানে যোগ দেন। মূল অনুষ্ঠানে রাষ্ট্রপতির সঙ্গে তার সহধর্মিণী রাশিদা খানম এবং জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতি তার জাপান সফরের শেষ দিন বৃহস্পতিবার ইঞ্জিনচালিত নৌকায় সেদেশের হ্যাকোনি লেক পরিদর্শন করেন।