‘এই ওষুধ খেলে শরীরে শক্তি বাড়বে’ একথা বলে নিজের গর্ভজাত আট বছরের মেয়ের মুখে বিষ তুলে দিয়ে নিজেও বিষপান করেন এক মা। বৃহস্পতিবার সন্ধ্যায় ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভবুকদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় ঐ মা ও মেয়েকে ফরিদপুর মেডিক্যাল কলেজ (ফমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশঙ্কামুক্ত না হওয়ায় তাদের ২৪ ঘন্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছেন চিকিত্সক।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ভাগ্য বিড়ম্বনার শিকার ঐ মায়ের নাম মৌসুমী আজাদ (২৬)। তিনি ঐ গ্রামের জনৈক লিটন মোল্যার স্ত্রী। তাদের মেয়ের নাম ফায়জা ইসলাম। শিশুটি স্থানীয় একটি কেজি স্কুলে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
লিটন মোল্যার ভাই টিটো মোল্যা জানান, শিশু ফায়জা মোটামুটি সুস্থ রয়েছে। ওর মায়ের অবস্থা আশঙ্কাজনক। সংসারে টুকিটাকি ঝগড়া হতে পারে। আর সেই কারণে ভাবি এমন কাজ করতে পারে আমি ভাবতে পারিনি।
এই প্রতিনিধির সঙ্গে কথা হয় হাসপাতালে চিকিত্সাধীন শিশু ফায়জার সঙ্গে। শিশুটি জানায় তার মা তাকে বলেছে তোমার বাবা বাজার থেকে এই ওষুধটি পাঠিয়েছে। এটা খেলে অনেক শক্তি হয়। এর পর মাও খেয়েছে।