কুমিল্লার তিতাসে পূর্বশত্রুতার জেরে গরু চুরির অভিযোগ এনে এক যুবককে গাছে বেঁধে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার এড়াতে পুরুষশূন্য রয়েছে দড়িকান্দি গ্রাম। প্রতিটি পরিবারের ছোটো ছোটো ছেলে-মেয়ে ও গবাদিপশু নিয়ে বহিরাগতের হামলার আতঙ্কে আছেন মহিলারা।
শুক্রবার সকালে সরেজমিনে ঘুরে জানা যায়, বুধবার সন্ধ্যায় প্রতিপক্ষের লোকজন একই গ্রামের নজিমুদ্দিন মোল্লা ওরফে এসডু মোল্লার ছেলে শাহরিয়ার হোসেনকে (৩২) হত্যা করে। রাত ১০টায় পুলিশ লাশ উদ্ধার করে এবং ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে। ঐদিন রাতে নিহতের বড়ো ভাই গোলাম মোস্তফা বাদী হয়ে ১০/১২ জনকে অজ্ঞাত রেখে ২৯ জনকে আসামি করে থানায় মামলা করেন। আটক দুজন এজাহারভুক্ত আসামি হওয়ায় বৃহস্পতিবার বিকালে তাদের কোর্টের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।