গাভির খামার করে সফল সাভারের মাকসুদুর

রাজনীতি ও ব্যবসার পাশাপাশি শখের বসেই গাভির খামার করেছিলেন সাভার পৌরসভার গেন্ডা এলাকার বাসিন্দা মো. মাকসুদুর রহমান খান। আজ তিনি একজন সফল খামারি। এলাকার দুধ সরবরাহের পাশাপাশি কয়েকজনের কর্মসংস্থানের ব্যবস্থাও করেছেন তিনি।

জানা যায়, মাকসুদুর রহমান খান ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে জড়িত। সাভার কলেজ ছাত্র সংসদের নির্বাচিত জিএস, সাভার উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক, ১৯৮০ সালে ঢাকা জেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ঢাকা বিভাগের নেতা।

খামারি মো. মাকসুদুর রহমান খান বলেন, মূলত শখের বশেই দুই বছর আগে দুটি দুধেল গাভি কেনেন তিনি। বর্তমানে তার খামারে ৩০টি দুধেল গরু রয়েছে। এর মধ্যে ৬টি ইন্ডিয়ান মুন্নি ও গারল। এছাড়া তার খামারে অনেক ভেড়া, ছাগল, টার্কি, কবুতর, চায়না মুরগি রয়েছে। খামারটির নামকরণ করা হয়েছে ‘আকাশ ডেইরি কমপ্লেক্স’।

ডেইরি ফার্মটিতে ৬টি পরিবারের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি প্রতিদিন দেড়শ কেজি দুধ এলাকার বিভিন্ন স্থানে সরবরাহ করছেন মাকসুদুর। রমজান মাসে রোজাদারদের বিষয়টি মাথায় রেখে দুধের দাম কেজিতে ১০ টাকা কম নেওয়া হয়ে থাকে। তিনি বলেন, ভবিষ্যতে খামারটি আরো সম্প্রসারিত করার পরিকল্পনা রয়েছে। এটি হলে এলাকার দুধের চাহিদা মেটানোর পাশাপাশি অনেক বেকার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থাও করতে পারবেন তিনি।