আড়াইহাজারে জুয়ার আসরে পুলিশের অভিযান, আটক আট

আড়াইহাজারের বিশনন্দী ইউনিয়নের মানিকপুর গ্রামে এক জুয়ার আসরে পুলিশ অভিযান চালিয়ে জুয়ার সামগ্রীসহ আট জুয়াড়িকে আটক করেছে। বৃহস্পতিবার রাতে থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবিরের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

আটককৃতরা হলো, চৈতনকান্দা গ্রামের সাইদুল, বিল্লাল, মুক্তার, হযরত আলী এবং মানিকপুর গ্রামের শাহাদাত, মামুন, শরীফ ও ফারুক। আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দিয়ে তাদের কোর্টে প্রেরণ করা হয়েছে।

এক রাতে দুই বাড়িতে ডাকাতি

বৃহস্পতিবার রাতে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের সুলপান্দী গ্রামের কাপড় ব্যবসায়ী দীন মোহাম্মদ ও ডহর মারুয়াদী গ্রামের আবুল হাসেমের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।

ব্যবসায়ী দীন মোহাম্মদ জানান, রাত ২টার দিকে ১০-১২ জনের মুখোশ পরিহিত ডাকাতদল বাড়ির কেচিগেটের তালা ভেঙে ভেতরে ঢুকে অস্ত্রের মুখে তার ছেলে ওসমানের হাত-পা বেঁধে ফেলে এবং নগদ ৪ লাখ টাকা, ছয় ভরি স্বর্ণালংকার ও বিভিন্ন আসবাবপত্র নিয়ে যায়। অন্যদিকে ডহর মারুয়াদী গ্রামের আবুল হাসেম জানান, রাত ১টার দিকে ১০-১২ জনের মুখোশ পরিহিত ডাকাতদল ঘরের দরজা ভেঙে ঘরে ঢুকে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এ সময় তার চিত্কারে আশপাশের লোকজন এগিয়ে এলে কেবল একটি দামি মোবাইল ফোন নিয়ে ডাকাতদল দ্রুত পালিয়ে যায়। স্বজনরা তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন।