স্বেচ্ছাসেবক লীগে বিশুদ্ধ রক্ত সঞ্চালন করার নির্দেশ

আওয়ামী স্বেচ্ছাসেবক লীগে বিশুদ্ধ রক্ত সঞ্চালন করতে হবে। যাদের বিরুদ্ধে সন্ত্রাস, দুর্নীতি, মাদকের অভিযোগ রয়েছে তাদের সংগঠন থেকে বাদ দিতে হবে। বিতর্কিত ও অনুপ্রবেশকারীরা যেন কমিটিতে স্থান না পায়। গতকাল শুক্রবার ধানমন্ডির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দের বৈঠকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন। ওবায়দুল কাদের স্বেচ্ছাসেবক লীগ নেতাদের উদ্দেশে বলেন, নিজের জনপ্রিয়তা বাড়াতে বিতর্কিত লোক দলে ভেড়াবেন না। ক্লিন ইমেজের লোকদের দলে ভেড়ান। আমরা ক্লিন ইমেজের লিডারশিপ গড়ে তুলতে চাই।

স্বেচ্ছাসেবক লীগে নারী নেতৃত্ব বাড়ানোর তাগিদ দিয়ে ওবায়দুল কাদের বলেন, যে সব নারী সংগঠন করতে আগ্রহী তাদের সংগঠনে সঙ্গে সম্পৃক্ত করুন। বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি নেতারা অভিযোগ করেছেন সরকার খালেদা জিয়ার জামিনে বাধা দিচ্ছে। আন্দোলন করে তারা বেগম জিয়াকে মুক্ত করবে। আমি বলবো, নির্বাচনে পরাজিত বিএনপি জনসমর্থন হারিয়েছে। তারা যদি পারে রাজপথে এসে আন্দোলন করে তাদের নেত্রীকে মুক্ত করুক।

এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আ ফ ম বাহাউদ্দীন নাছিম, স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক নির্মল গুহ, সদস্য সচিব গাজী মেসবাউল হোসেন সাচ্চু, সহ-প্রচার সম্পাদক ওবায়দুল হক খান প্রমুখ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদ থেকে মোল্লা মো. আবু কাওছারকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথকে আসন্ন সম্মেলনের সব কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।