বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি এখনো চৌদ্দ দলে আছে বলেই চিঠি দিয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে এবং সেই চিঠির জবাব দেওয়া হবে বলে জানিয়েছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি সংসদ সদস্য রাশেদ খান মেনন। শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের ডিআইটি এলাকায় সিটি সেন্টারের হল রুমে জেলা ওয়ার্কার্স পার্টির সম্মেলনে এসে গণমাধ্যমকে তিনি এ কথা জানান। রাশেদ খান মেনন দাবি করেন, ওয়ার্কার্স পার্টির বরিশাল জেলার সম্মেলনে তার দেওয়া যে বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পেয়েছে সেটি ছিল খণ্ডিত বক্তব্য। তার পুরো বক্তব্য প্রচার না করে আংশিক প্রচার করায় বিভ্রান্তি ও বিতর্ক সৃষ্টি হয়েছে। তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার বক্তব্যের সবটা যদি উঠে আসতো তাহলে এই প্রশ্নই উঠতো না। চিঠির বিষয়ে তিনি বলেন, চৌদ্দ দলের সমন্বয়কের সঙ্গে আমার কথা হয়েছে। আমার বক্তব্যের ব্যাপারে ব্যাখ্যা চেয়ে যে চিঠি দেওয়া হয়েছে আমি তার সন্তোষজনক জবাব দেব। তিনি বলেন, আমি কী জবাব দেব ইতিমধ্যে ঢাকায় সংবাদ সম্মেলন করে বলেছি। কোনো কথাই গোপন করিনি। চৌদ্দ দলের চিঠির জবাব কীভাবে দেওয়া হবে সেটি পার্টির নেতাদের সঙ্গে বসে আলাপ আলোচনা করে ঠিক করা হবে। এর আগে রাশেদ খান মেনন আনুষ্ঠানিকভাবে জেলা ওয়ার্কার্স পার্টির সম্মেলনের উদ্বোধন করেন।