বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিত্সাধীন কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শরীর খুব খারাপ, তার ভীষণ কষ্ট হচ্ছে, তিনি খেতে, বসতে ও চলাফেরা করতে পারছেন না। সারাক্ষণ শুয়ে থাকেন। শুয়ে থাকতেও তার কষ্ট হচ্ছে। উন্নত চিকিত্সার জন্য তাকে বিদেশে পাঠাতে চান তার স্বজনরা।
গতকাল শুক্রবার বিকালে খালেদা জিয়ার সঙ্গে দেখা করে বেরিয়ে যাওয়ার সময় তার মেজ বোন সেলিমা ইসলাম সাংবাদিকদের কাছে এ আকুতি জানান। তিনি বলেন, তার (খালেদা জিয়ার) খুব কষ্ট হচ্ছে। তিনি (খালেদা জিয়া) উন্নত চিকিত্সার জন্য বিদেশে যেতে চান। আমরা তাকে বিদেশে পাঠাতে চাই। গত দুই সপ্তাহ ধরে তার খোঁজ নেওয়ার জন্য কোনো চিকিত্সক পর্যন্ত আসেনি; এরা আসেই না।
সেলিমা ইসলাম বলেন, ‘বিদেশে পাঠাতে চাই এই কারণে যে, এখানে যে চিকিত্সা দিচ্ছে, তাতে কিছুই হচ্ছে না। বরং দিন দিন খারাপ হচ্ছে। ’
কিন্তু তার মুক্তির ক্ষেত্রে জামিন এবং প্যারোল এই দুইটি বিষয় রয়েছে। তিনি কোনটির ব্যাপারে আগ্রহী—এমন প্রশ্নের জবাবে সেলিমা ইসলাম বলেন, সরকার যদি জামিন দেন, তাহলে তিনি চিকিত্সার জন্য বিদেশ যেতে পারবেন। খালেদা জিয়া প্রত্যাশা ব্যক্ত করে বলেছেন যে, আদালত তার জামিন এবং মুক্তির ব্যাপারে ন্যায়সঙ্গত ও বিবেচনাপ্রসূত সিদ্ধান্ত নেবেন।
সেলিমা ইসলামের সঙ্গে ছিলেন খালেদা জিয়ার ভাইয়ের স্ত্রী কানিজ ফাতেমা, ভাইয়ের ছেলে অভিক এস্কান্দার ও অতনু এস্কান্দার, তারেক রহমানের স্ত্রীর বড়ো বোন শাহিনা জামান খান বিন্দু।