ভোলার হত্যাকাণ্ডের প্রতিবাদ, মহান আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাহে ওয়া সাল্লামকে নিয়ে কটূক্তিকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গতকাল শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররম এলাকায় বিক্ষোভ করেছে ইসলামি যুব আন্দোলন ও খেলাফত মজলিস। খেলাফত মজলিসের সমাবেশে মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, ভোলায় তাওহিদী জনতার সমাবেশে পুলিশের গুলিবর্ষণের ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত করতে হবে। কেন্দ্র ঘোষিত দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে জুমার পর হাউজ বিল্ডিংয়ের সামনে মজলিস ঢাকা মহানগরী আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।
খেলাফত মজলিস ঢাকা মহানগরী সভাপতি শেখ গোলাম আসগরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা আজীজুল হকের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মদ শফিক উদ্দিন, মাওলানা আহমদ আলী কাসেমী। সমাবেশের আগে এক বিক্ষোভ মিছিল জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হয়ে পল্টন মোড় ঘুরে হাউজ বিল্ডিংয়ের সামনে এসে সমাবেশে মিলিত হয়।
ভোলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দৃশ্যমান দ্রুত বিচার হচ্ছে না অভিযোগ করে ইসলামি আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দ্রুত বিচার না হলে চরমোনাইপীরের নেতৃত্বে আন্দোলন হবে। বাদ জুমা বায়তুল মোকাররম উত্তর গেটে ইসলামি যুব আন্দোলন ঢাকা মহানগর আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ হুঁশিয়ারি দেন।
নগর দক্ষিণ সভাপতি মানসুর আহমদ সাকীর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে ইসলামি যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি কে এম আতিকুর রহমান বলেন, হত্যাকারীদের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। সমাবেশে বক্তব্য রাখেন ইসলামি যুব আন্দোলনের সেক্রেটারি জেনারেল মাওলানা নেছার উদ্দীন, ইসলামি আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, ইসলামি আন্দোলনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী প্রমুখ।