আওয়ামী লীগ সিভিলিয়ান ক্যু’র মাধ্যমে ক্ষমতায় এসেছে :মওদুদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, এই সরকার সত্যিকার অর্থে সংবিধানসম্মত নির্বাচিত সরকার নয়। গত ২৯ ডিসেম্বর রাতে একটা সিভিলিয়ান ক্যু’র মাধ্যমে তারা ক্ষমতায় এসেছে। গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবে ‘প্রধান স্মৃতি পরিষদ’ আয়োজিত এক স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। অধ্যাপিকা রেহানা প্রধানের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয়।

আয়োজক সংগঠনের সভাপতি আবু মোজাফফর মো. আনাছের সভাপতিত্বে সভায় জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, জাগপার সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান প্রমুখ বক্তব্য রাখেন।

মওদুদ আরো বলেন, অনেক মানুষকে ক্রসফায়ারে বিচার বহির্ভূতভাবে হত্যা করেছে সরকার। কিন্তু একজন গডফাদারকেও তারা ধরতে পারে নাই। কারণ এরা সবাই আওয়ামী লীগের লোক। সুতরাং দুর্নীতির বিরুদ্ধে অভিযান এসব হচ্ছে আইওয়াশ। গত ১০ বছর যুবলীগ ও ছাত্রলীগ দেশের মানুষের ওপর অত্যাচার, চাঁদাবাজি ও টেন্ডারবাজি করেছে। কিন্তু সেই সময় সরকার কোনো পদক্ষেপ নেয়নি। দুর্নীতি দমন কমিশনকে উদ্দেশ্য করে তিনি বলেন, সরকার তো করবে না, আপনাদের একটু যদি সাহস থাকে তাহলে আপনারা সব এমপি ও মন্ত্রীর সম্পদের হিসাব চান। আসল জিনিস তখন বের হয়ে আসবে।

খালেদা জিয়ার প্রতি

 নিষ্ঠুর আচরণের অভিযোগ

এদিকে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খালেদা জিয়ার বিপজ্জনক অসুস্থতাকেও সরকার ভ্রুক্ষেপ করছে না। সরকারের অমানবিক ও নিষ্ঠুর আচরণ প্রমাণ করে তার প্রাণনাশ করতে তারা গোপনে পরিকল্পনা করছে। গত ১৪ দিনে কোনো চিকিত্সক তার কাছে যাননি। তাকে বিনা চিকিত্সায় ফেলে রাখা হয়েছে। দুই মাস আগে খালেদা জিয়ার দাঁতের এক্সরে করা হলেও এ পর্যন্ত সেই রিপোর্ট পাওয়া যায়নি।

গতকাল শুক্রবার নয়াপল্টনে বিএনপির কেন্দ ীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভী আরো বলেন, সরকারের উচিত একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া।