বরিশালে র্যাগিংয়ের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেওয়ায় র্যাগিং হোতাদের দ্বারা মানসিক ও শারীরিক লাঞ্ছনার শিকার হয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন আমিনা নামে এক ছাত্রী। সে বরিশাল ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি)ফিজিওথেরাপি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী। মুমূর্ষু অবস্থায় হোস্টেল থেকে ঐ ছাত্রীকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার শেবাচিম হাসপাতালের নারী মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন আমিনা জানান, ফেসবুকে আইএইচটি’র নানা সমস্যা ও হোস্টেলে জুনিয়রদের উপর নানা নির্যাতনের বিষয়ে পোস্ট দেওয়ায় তৃতীয় বর্ষের ছাত্রী লাম্মিমের নেতৃত্বে জুঁই, মৌ ও ফাতেমাসহ বেশ কয়েকজন ছাত্রী রাতে ডাইনিং রুমে নিয়ে যায়। এসময় তাকে দীর্ঘ সময় ধরে মানসিক ও শারীরিক নির্যাতন করা হয়। অপমানে ও লজ্জায় আমেনা ঘুমের ওষুধসহ বিভিন্ন ধরণের ওষুধ একসাথে খেয়ে ফেলায় গুরুত্বর অসুস্থ হয়ে পড়ে।
আরও পড়ুন: সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ, গ্রেফতার ২
এ ব্যাপারে আইএইচটির ডেপুটি হোস্টেল সুপার সুবোধ রঞ্জন মণ্ডল জানান, মারধরের বিষয়টি তারা জানেন না। তবে আমিনাকে তৃতীয় বর্ষের কয়েকজন শিক্ষার্থী অপমান করা হয়েছে এটা শুনেছেন।
তিনি আরও জানান, আমিনা অতিরিক্ত ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়লে আমরা মেডিকেলে নিয়ে ওয়াশ করিয়ে হাসপাতালের ওয়ার্ডে রেখে আসি।
আইএইচটির অধ্যক্ষ সাইফুল ইসলাম বলেন, ‘এঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি হয়েছে। পাঁচ দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত কমিটিতে রয়েছে প্রতিষ্ঠানটির উপাধ্যক্ষ শুভংকর বাড়ৈ, হোস্টেল সুপার ও সহকারী হোস্টেল সুপার নাজমা।’
ইত্তেফাক/এএএম