দেশবরেণ্য অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান আহমদের লেখা ‘বাংলাদেশ আমার গর্ব, আমার স্বপ্ন, আমার ঠিকানা’ দেশ গড়ার এই গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। দ্বৈতকণ্ঠে গেয়েছেন স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা বরেণ্য শিল্পী মো. রফিকুল আলম ও এ প্রজন্মের শিল্পী ঐশিকা নদী। গানটিতে সুর ও সংগীত পরিচালনা করেছেন শাহীন সরদার। এ প্রসঙ্গে শাহীন সরদার বলেন, ‘দেশের প্রতি অকৃত্রিম ভালোবাসার টানে অসাধারণ একটি দেশ গড়ার গান লিখেছেন ড, কাজী খলীকুজ্জমান আহমদ।’ মো. রফিকুল আলম বলেন, ‘গানটির কথা এবং সুর বেশ উদ্দীপনামূলক। মনপ্রাণ দিয়ে গাইতে পেরেছি। আর কণ্ঠশিল্পী ঐশিকা নদী খুব ভালো গেয়েছে। সবকিছু মিলিয়ে গানটি অসাধারণ হয়েছে।’ শিল্পী ঐশিকা নদী বলেন, ‘গানটি ভালো লেগেছে। কণ্ঠযোদ্ধা বরেণ্য শিল্পী মো. রফিকুল আলমের সঙ্গে গাইতে পেরে আমি ধন্য। দেশ গড়ার এই গানের জন্য ড. খলীকুজ্জমান আহমদ আমাকে নির্বাচন করায় আমি কৃতজ্ঞ।’