স্পোর্টস রিপোর্টার
ভারত সফরের ক্যাম্প শুরুর দিনই খবরটা ছড়িয়েছিল। পারিবারিক কারণে ভারত সফরের শুরুটা মিস করতে পারেন তামিম ইকবাল। শুক্রবার দলের সঙ্গে অনুশীলনও করেননি তিনি। সব আশঙ্কাকে সত্যি করে ভারত সফরে যাচ্ছেন না তামিম। গোটা সিরিজ থেকেই নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন বাঁহাতি এই ওপেনার।
গতকাল সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, ব্যক্তিগত কারণে ভারত সফর থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তামিম। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নিজের নাম প্রত্যাহার করার কারণটা বোর্ডকে জানিয়েছেন তামিম। এবং বোর্ড তার অনুরোধ মঞ্জুর করেছে। দ্রুতই তামিমের বদলি ক্রিকেটারের নাম ঘোষণা করবে বিসিবি।
নিজের অবস্থানের কথা বিসিবিকে আগেই জানিয়ে রেখেছিলেন তামিম। শুক্রবার অনুশীলন করেননি সতীর্থদের সঙ্গে। তার বিকল্প হিসেবে ইমরুল কায়েসকে অনুশীলনে ডাকেন নির্বাচকরা। গত দুই দিন অনুশীলন করেছেন ইমরুল। নিজের বিষয়টা পুরোপুরি নিশ্চিত হতেই সময় নিয়েছিলেন তামিম। গতকাল শেষ পর্যন্ত বিসিবিকে নিজের সিদ্ধান্ত জানিয়ে দেন এই ওপেনার।
বাংলাদেশের হয়ে টানা দুটি সিরিজ মিস করতে যাচ্ছেন তামিম। গত মাসে দেশের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ও ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ থেকে স্বেচ্ছাবিরতি নিয়েছিলেন বাঁহাতি এই ওপেনার। বিশ্রাম নিয়েছিলেন তিনি। এবার ভারত সফরেও যাওয়া হচ্ছে না তামিমের। বড়ো কোনো ইনজুরি ছাড়াই আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিমের বিরতি অনেক বড়ো হয়ে যাচ্ছে। কারণ চলতি বছরে আর কোনো আন্তর্জাতিক সিরিজ নেই বাংলাদেশ দলের।
অবশ্য মাঠের ক্রিকেটে তামিমের সময়টাও ভালো যাচ্ছিল না। বিশ্বকাপে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি। ২৬৩ রান করলেও তা আশানুরূপ ছিল না। বিশ্বকাপের পর শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ দলের নেতৃত্ব দিয়েছেন তিনি। ঐ সিরিজে ধবলধোলাই হয়েছিল বাংলাদেশ। তামিমের ব্যাটও ছিল বিবর্ণ। বলার মতো রানই পাননি বাঁহাতি এই ওপেনার। বিরতি শেষে খেলেছিলেন জাতীয় ক্রিকেট লিগে। এক রাউন্ড খেলেই পিঠের ব্যথার কারণে ছিটকে পড়েন তিনি।
সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্য দুই-তিন দিনের মধ্যেই ব্যাংকক উড়ে যাবেন তামিম। অন্তত দুই-তিন সপ্তাহ পুরোপুরি ক্রিকেটের বাইরে থাকবেন তিনি। তবে পারিবারিক জটিলতা কাটিয়ে কলকাতার ইডেন গার্ডেন্সে ভারত সফরের শেষ টেস্ট খেলার মতো অবস্থায় থাকবেন তামিম। কিন্তু ঐ অবস্থা থেকে ফিরে তড়িঘড়ি টেস্ট খেলার ইচ্ছে নেই তার। তাই গোটা সফর থেকেই অব্যাহতি নিয়েছেন তিনি।
তামিমের বিষয়ে গতকাল বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেছিলেন, ‘আমরা এই বিষয়টি নিয়েই আলোচনা করছিলাম, এখনই নিশ্চিত করে কিছু বলছি না। তবে পারিবারিক কারণ কিছু থাকলে তো আসলে আর করার কিছু নেই। সেটি আমাদেরকে বিবেচনা করতেই হবে।’ পরে সন্ধ্যায় অবশ্য আনুষ্ঠানিকভাবে বিসিবি জানিয়েছে, তামিম থাকছেন না ভারত সফরে।
তামিমের আগে এই সিরিজ থেকে ছিটকে পড়েছেন পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিন। ১৫ সদস্যের দল থেকে বাদ পড়লেন দুই ক্রিকেটার। নির্বাচকরা খুঁজছেন তাদের বদলি। দ্রুতই নির্বাচকরা ঘোষণা দিবেন, তামিম-সাইফউদ্দিনের বদলি হয়ে কারা যাচ্ছেন ভারত সফরে। বিসিবি সূত্রে জানা গেছে, দলে ডাক পেতে পারেন ইমরুল কায়েস ও আবু হায়দার রনি।