মেয়েদের
পাকিস্তান
সফর
স্পোর্টস রিপোর্টার
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে গতকাল শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে জয়ের সম্ভাবনা তৈরি করেছিল সালমা খাতুনের দল। জাহানারার দুর্দান্ত বোলিংয়ের পর রুমানা আহমেদের দারুণ ফিফটিতে ভর করে তারা এগোচ্ছিল। কিন্তু বাকি কোনো ক্রিকেটার সঙ্গ দিতে না পারায় শেষ পর্যন্ত সিরিজের প্রথম ম্যাচে হেরেই গেল মেয়েরা।
তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ১৪ রানে হেরেছে বাংলাদেশ দল। আগে ব্যাট করা পাকিস্তান ৭ উইকেটে ১২৬ রান করেছিল। জবাবে বাংলাদেশ ৭ উইকেটে ১১২ রান করে।
টসে জিতে আগে ব্যাট করতে যায় পাকিস্তান। কিন্তু নিজের প্রথম ২ ওভারেই তাদের এলোমেলো করে দেন জাহানারা আলম; তুলে নেন দুই ওপেনারের উইকেট। ৪ রান করে সিদরা আমিন জাহানারার বলে বোল্ড হন। আর জাভেরিয়া ৫ রান করে ক্যাচ তুলে দেন। এরপর অধিনায়ক বিসমাহ মারুফ ও উমাইমা সোহেল একটা ভালো জুটি করে পাকিস্তানকে এগিয়ে নিয়ে যান।
৩৪ রান করা বিসমাহকে ফেরান লতা মণ্ডল এবং ৩৩ রান করা উমাইমাকে ফেরান রুমানা আহমেদ। পান্না ঘোষ তুলে নেন আলিয়া রিয়াজের উইকেট। আর শেষ দিকে ঝড় তোলে ইরাম জাভেদ ও কাইনাতের উইকেট নেন আবার জাহানারা।
১২৭ রানের লক্ষ্যে ছুটতে গিয়ে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। দলীয় ৬ রানেই দুই ওপেনার ফিরে আসেন। এরপর সানজিদা ও নিগার সুলতানা সামান্য একটু প্রতিরোধের চেষ্টা করেছিলেন। তবে আসল কাজটা করার চেষ্টা করেন রুমানা। তিনি ৩০ বলে ৬টি চার ও ২টি ছক্কায় সাজানো ৫০ রানের ইনিংস খেলেন। শেষ ওভারে মারতে গিয়েই রুমানা আউট হন। কিন্তু অন্য পাশ থেকে একদমই সমর্থন পাননি তিনি।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান নারী দল : ২০ ওভারে ১২৬/৭ (বিসমাহ ৩৪, উমাইমা ৩৩, ইরাম ২১; জাহানারা ৪/১৭, রুমানা ১/১৪, লতা ১/১৯, পান্না ১/২৪)।
বাংলাদেশ নারী দল : ২০ ওভারে ১১২/৭ (রুমানা ৫০, নিগার ১৭, সানজিদা ১৪; আনাম ২/১৩)। ফল : পাকিস্তান ১৪ রানে জয়ী।