বিশেষ প্রতিনিধি
ঢাকা মহানগর (ডিএমপি) কমিশনার শফিকুল ইসলাম বলেছেন, কোনো পুলিশ সদস্য ভাব নিয়ে চললে চাকরি করতে পারবেন না, জনগণের সঙ্গে মিশতে হবে, কাজ করতে হবে। গতকাল শনিবার রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে ‘কমিউনিটি পুলিশিং ডে’ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
ডিএমপি কমিশনার নিজের বাহিনীর সদস্যদের সতর্ক করার পাশাপাশি শুধু সমালোচনা না করে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতে নাগরিকদের প্রতিও আহ্বান জানান। তিনি বলেন, কোনো পুলিশ সদস্য স্থায়ীভাবে এক জায়গায় থাকবে না, বদলি হয়ে যাবেন। সেই পুলিশ সদস্যকে তথ্য দিয়ে বা সরাসরি সহযোগিতা করলে সমাজের স্থায়ী উপকার হবে। সহযোগিতা না পেলে সমাজের লোকজনই ক্ষতিগ্রস্ত হবে।
অনুষ্ঠানে অতিরিক্ত আইজিপি মইনুর রহমান চৌধুরী বলেন, দেশকে এগিয়ে নিতে হলে কোনো কাজই একার পক্ষে সম্ভব নয়। এজন্য সকলের সম্মিলিত প্রচেষ্টা দরকার। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নাট্যজন ড. ইনামুল হক, ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম, কৃষ্ণ পদ রায়, মীর রেজাউল আলম ও আবদুল বাতেন প্রমুখ। অনুষ্ঠানে কমিউনিটি পুলিশে যুক্ত আট সাধারণ নাগরিক এবং ১৬ জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়। দিবসটি উপলক্ষ্যে ডিএমপি সদর দফতর থেকে একটি শোভাযাত্রাও বের করে ডিএমপি।