ইত্তেফাক রিপোর্ট
সাশ্রয়ী মূল্যে ডিম, দুধ, মাছ, মাংসের উত্পাদন ও সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে পোলট্রি, মত্স্য ও ডেইরি ফিডের কাঁচামাল আমদানিতে আগাম কর প্রত্যাহারের দাবি জানিয়েছে ফিড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন বাংলাদেশসহ (ফিআব) পোলট্রিশিল্প-সংশ্লিষ্ট তিনটি সংগঠন।
গতকাল জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, আগাম কর আরোপের ফলে পোলট্রিসহ প্রাণিসম্পদ খাতে অত্যাবশ্যকীয় কাঁচামাল আমদানিতে নতুন করে জটিলতার সৃষ্টি হয়েছে। এতে পুঁজির সংকট তীব্রতর হয়েছে। তাই অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন তারা। ফিআবের সভাপতি এহতেশাম বি. শাহজাহান বলেন, ‘আগাম কর প্রত্যাহারের জন্য বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি)-এর পক্ষ থেকে গত ১৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর দপ্তরে একটি চিঠি জমা দেওয়া হয়েছে। আশা করছি, সরকার তাদের যৌক্তিক দাবি পূরণে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে।’ বক্তব্য রাখেন ফিআবের সাধারণ সম্পাদক মো. আহসানুজ্জামান। সংবাদ সম্মেলনে বিপিআইসিসির সভাপতি মসিউর রহমান ও ওয়ার্ল্ডস পোলট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন-বাংলাদেশ শাখার (ওয়াপসা-বিবি) সাবেক সভাপতি শামসুল আরেফিন খালেদ অঞ্জন উপস্থিত ছিলেন।