পুরান ঢাকায় বাসার সিঁড়িতে যুবকের রক্তাক্ত লাশ

ইত্তেফাক রিপোর্ট

রাজধানীর পুরান ঢাকার নর্থ ব্রুক হল রোডের একটি ভবনের সিঁড়ি থেকে এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঐ যুবকের নাম শরিফুল ইসলাম (২০)। গত শুক্রবার সন্ধ্যায় সূত্রাপুর থানা পুলিশ তার লাশ উদ্ধার করে। তবে কে বা কারা কি কারণে তাকে হত্যা করেছে সে ব্যাপারে পুলিশ কোনো তথ্যই জানাতে পারেনি। এমনকি এ ঘটনায় জড়িত সন্দেহে কাউকে আটক করা হয়নি। বর্তমানে তার লাশ ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে রয়েছে।

জানা গেছে, শরিফুল ইসলামের বাড়ি দিনাজপুরের বীরগঞ্জে। তিনি ঢাকায় পিকআপ ভ্যানের হেলপারের কাজ করতেন। থাকতেন ৩৭ নম্বর নর্থ ব্রুক হল রোডের বাসায়। পুলিশ জানিয়েছে, সিঁড়িতেই শরিফুলকে পেটে ছুরিকাঘাত করা হয়। সেখানেই তার মৃত্যু হয়। আশপাশের ফ্ল্যাটের বাসিন্দারা সিঁড়িতে রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিয়েছিল। সূত্রাপুর থানার এসআই আবদুল হাকিম জানান, শরিফুলের পকেটেই তার মোবাইল ফোন ছিল। সেটির মাধ্যমে পরিচয় শনাক্ত করা হয়। ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জেরে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে। ষষ্ঠতলার বাড়িটির মালিক হেলালুদ্দিন জানান, তার ভবনের সব তলাতেই মেস করে শ্যামবাজার ও সদরঘাটের কুলি এবং পরিবহন শ্রমিকরা থাকেন। শুক্রবার দুপুরের পর থেকে যে কোনো সময়ে ঐ যুবককে সিঁড়িতে পেটে ছুরিকাঘাত করে হত্যা করা হয়।