ভিকারুননিসা গভর্নিং বডি নির্বাচনের ফল বাতিলের দাবি

ইত্তেফাক রিপোর্ট

ভুয়া ভোট প্রদান, ত্রুটিপূর্ণ ভোটার তালিকার মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এমন অভিযোগ তুলে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির নির্বাচন বাতিলের দাবি জানানো হয়েছে। গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে কয়েকজন পরাজিত প্রার্থী এ দাবি জানান। একই সঙ্গে তারা ভিকারুননিসার অ্যাডহক কমিটির প্রধান ও শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নাজমুল হক খানের পদত্যাগ দাবি করেছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রার্থী মোহাম্মদ আব্দুল মজিদ সুজন, মীর মোহাম্মদ শাহাবুদ্দীন টিপু, জেসমিন আক্তার, নাছিমা আক্তারসহ অনেকে। তাদের অভিযোগ, ত্রুটিপূর্ণ ভোটার তালিকা দিয়ে গভর্নিং বডির নির্বাচন আয়োজন করা হয়েছে। এ বিষয়ে অভিভাবকদের পক্ষ থেকে অভিযোগ দিলে তা সংশোধন করার প্রতিশ্রুতি প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হলেও তা করা হয়নি। এ কারণে ২ হাজার ১০০ জন অভিভাবক দুই দফা ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন, যা সম্পূর্ণ বেআইনি।

তারা জানিয়েছেন, কলেজ থেকে সব ভোটারের সঙ্গে যোগাযোগ না করায় অনেকে ভোটার স্লিপ পাননি। অনেকে আবার ভোটার স্লিপ না আনায় তাদের ভোট প্রদানের সুযোগ দেওয়া হয়নি। অথচ তাদের নামে ভুয়া ভোট দেওয়া হয়েছে। একজন প্রার্থীর কাছে এমন একাধিক ভুয়া স্লিপ পাওয়া গেছে। এসব বিষয়ে প্রশাসনের সুস্পষ্ট জবাব চাইলে তারা দিতে পারেনি। অভিযোগকারীরা লিখিতভাবে কলেজ অধ্যক্ষকে অভিযোগ জানিয়েছেন। এছাড়া নির্বাচন বাতিলের দাবিতে তারা মামলাও করবেন বলে জানান।